Published : 22 Feb 2026, 10:59 PM
বলিউডে অভিনেতা রাণবীর সিংকে হুমকি দেওয়ার ঘটনা তদন্তে পুলিশ এক ধাপ এগিয়েছে।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বলছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য হিসেবে পরিচিত হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে ‘সীমান্ত সতর্কতা’ নোটিস জারি করা হয়েছে।
এনডিটিভিকে মুম্বাই পুলিশ বলছে, গেল ১০ ফেব্রুয়ারি রাণবীরের ব্যবস্থাপক বিজয় সুব্রহ্মণ্যমের কাছে একটি আন্তর্জাতিক নম্বর থেকে একাধিক ফোন আসে।
ফোন না ধরায় ওই নম্বর থেকেই তিনটি ভয়েস নোট পাঠানো হয় বিজয়ের নম্বরে। সেখানে নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে ২০ কোটি রুপি চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ‘ভয়াবহ পরিণতি’র হুমকি দেওয়া হয় রাণবীরকে।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নম্বর থেকে বিজয়ের নম্বরে ভয়েস নোটটি পাঠানো হয়েছিল।
এর পর মুম্বাই পুলিশ ভয়েস নোটটি পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের কাছে পাঠায়। প্রাথমিক যাচাইয়ে কণ্ঠস্বর হ্যারি বক্সারের সঙ্গে মিল রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এরপরই হ্যারি বক্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সাউথ রিজিয়ন সাইবার সেল গত ১৭ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করে এবং লুকআউট নোটিস জারি করে।
রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে রাণবীরের ‘ধুরন্ধর ২’; যা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের।
এর মধ্যে রাণবীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার শুটিং সেট, বাসভবন ও যাতায়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বলিউডি নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন ‘শেঠি টাওয়ারের’ গুলিবর্ষণের পর রাণবীরকে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তৎপর হয়েছে।
এর আগে রোহিতের বাসভবন ‘শেঠি টাওয়ারের’ গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তারকা অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের সঙ্গে ‘মিল আছে’ বলে জানিয়েছিল পুলিশ।