২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঈদ ঘিরে শর্টফিল্ম ‘হোম নট কামিং’

মা-বাবা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি বন্ধুদের সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে এতে।

ঈদ ঘিরে শর্টফিল্ম ‘হোম নট কামিং’
‘হোম নট কামিং’ শর্টফিল্মের পোস্টার। ছবি: এয়ারটেলের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’।

ঈদ উপলক্ষে ভিন্নধর্মী এ চলচ্চিত্র ইতিমধ্যে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।

ঈদ মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল। তবে নতুন প্রজন্মের কাছে বাড়ি কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? 

এই প্রশ্নকে কেন্দ্র করেই 'হোম নট কামিং' বানিয়েছে এয়ারটেল, যা পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।  

এ চলচ্চিত্রে মা-বাবা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি বন্ধুদের সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।

সাড়ে তিন মিনিটের এই শর্টফিল্মে দেখা গেছে, আজিম মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে চায় না। তার ইচ্ছা, শহরেই বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামে গেলেও তার মন পড়ে থাকে শহরে বন্ধুদের কাছে। সোশাল মিডিয়ায় গ্রামের নানা মুহূর্তের ছবি পোস্ট করতে থাকে সে। এসব দেখে আজিমের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে আসে তার বন্ধুরা।

‘হোম নট কামিং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আজিম চরিত্রে অভিনয় করেছেন মিরাজ হাসান রায়হান। আরও আছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ অনেকে।

ফেইসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশ পেয়েছে শর্টফিল্মটি।

সিনেমাটি নিয়ে নির্মাতা প্রীতম বলেন, “ঈদ নিয়ে এই শর্টফিল্মের কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে, যেন আমরাও আবার সেই কৈশোরে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তবেই বন্ধুত্ব তৈরি হয়েছিল; যার কারণে মনে হয়েছে, আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের কোনো মুহূর্ত উপভোগ করছি।”