‘মাস্টার’ নিয়ে মুক্তির প্রস্তুতিতে সুমিত
দক্ষিণ কোরিয়ার সিওল ও বুসানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ করা হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক সুমিত।
পলিটিক্যাল থ্রিলার ঘরানায় ‘মাস্টার’ নামের যে সিনেমা নির্মাণ করেছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সেটি নেদারল্যান্ডসের 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে' উৎসবে নির্বাচিত হয়েছে।
সিনেমার নির্মাতা সুমিত গ্লিটজকে জানিয়েছেন, উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সিওল ও বুসানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে। আগামী বছর সিনেমাটি দেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
এই নির্মাতার পরিচিতি তৈরি হয় ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্র দিয়ে।
সুমিত বলেন, “আমাদের সম্পাদনার কাজ পুরোপুরি শেষ। দক্ষিণ কোরিয়াতে আমরা সাউন্ড এবং কালারের কাজ শেষ করলাম, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিল। আগামী বছর সুবিধাজনক সময়ে আমরা দর্শকদের সামনে সিনেমাটি তুলে ধরব।"
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মাস্টার’ । গেল বছর টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি এলাকার বনাঞ্চলে হয়েছে দৃশ্যধারণের কাজ।
চিত্রনাট্য তৈরি হয়েছে জহির নামের একজন আদর্শ শিক্ষককে ঘিরে। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। জনসমর্থনে সে মোহগঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হয়। ক্ষমতার সঙ্গে আসে চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। না বলতে পারে না জহির, আবার বিবেকও সায় দেয় না। এই দ্বন্দ্ব বদলে দেয় তাকে। সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। এমনই গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে।
চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।
প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সুমিতের পরিচালিত প্রথম চলচ্চিত্র 'নোনাজলের কাব্য'। সরকারি অনুদানে বানানো 'নোনাজলের কাব্য'। ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেয়।
এছাড়াও বি.এফ. আই, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল, গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভাল, সাও পাউলো ফিল্ম ফেস্টিভাল সহ বিশ্বের আরো বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে 'নোনাজলের কাব্য' প্রদর্শিত হয়েছে।
