বিকালে গান আর মিউজিক্যাল জার্নির গল্প শোনাবে ‘সহজিয়া’
দুই থেকে আড়াই ঘণ্টার এই কনসার্টে নিজেদের প্রকাশিত-অপ্রকাশিত প্রায় বিশটির বেশি গান গাইবে 'সহজিয়া'।
পথচলার দীর্ঘ ১৪ বছরে প্রথমবার একক কনসার্টে দেখা যাবে ‘সহজিয়া’ ব্যান্ডকে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শিরোনামের কনসার্টে নিজেদের প্রকাশিত-অপ্রকাশিত প্রায় বিশটির বেশি গান গাইবে ‘সহজিয়া’।
এক বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, কনসার্টে তাদের নতুন গান ‘অভিনয়’ প্রকাশ করা হবে।
‘ধ্যান’ কনসার্ট নিয়ে সহজিয়ার ভোকাল ও ব্যান্ডলিডার রাজু বলেন, “অস্থির এই সময়ে ‘নিজেকে দেখা’ ট্যাগলাইন নিয়ে ‘ধ্যান’ শিরোনামের এই একক কনসার্টকে একইসঙ্গে সহজিয়ার স্পিরিচুয়াল জার্নির একটা এক্সপ্রেশান হিসেবে দেখছি আমরা।”
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে প্রথম পারফরম্যান্সের মাধ্যমে যাত্রা শুরু হয় ‘সহজিয়ার’।
ব্যান্ডটি জানিয়েছে, গত ১৪ বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম ‘সহজিয়া’ ব্যান্ড তাদের একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে।
অন্য কনসার্টে সবগুলো গান একসঙ্গে করার সুযোগ হয়ে ওঠে না। এই কনসার্টে নিজেদের প্রায় সব গান শোনানোর পাশাপাশি নিজেদের পথচলার গল্পও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবে ‘সহজিয়া’।
কনসার্টের আয়োজন করেছে ‘ইভেন্টহোলিক’। টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ এর ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্ট এর ঢাকার সবগুলো শাখায়। এছাড়াও কনসার্ট শুরু হওয়ার আগে মিলনায়তনের সামনেও পাওয়া যাবে টিকেট।
কনসার্টের সাধারণ টিকেট মূল্য ধরা হয়েছে ৭০০ টাকা, শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা। কনসার্টের জন্য গেট খুলে দেওয়া হবে ৫টায়।
পাঁচ সদস্যের এ ব্যান্ডে মঞ্চে ড্রাম বাজান শরফুদ্দিন রাব্বি। বেইজ গিটারে জাফরি আবেদিন, গিটারে সজীব হায়দার এবং সাজেদুল ইসলাম শিমুল এবং ভোকাল রাজু।
এখন পর্যন্ত সহজিয়া ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে। ‘ছোটপাখি’, ‘বোকাপাখি’ ও ‘অপেক্ষা’সহ বিশটির বেশি গান করেছে দলটি।
