Published : 17 Jun 2026, 10:01 PM
রহস্য আর সত্যের অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
বুধবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাচ্ছে দুই মিনিট ২৪ সেকেন্ডের ট্রেইলারটি। ট্রেইলারজুড়ে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প।
একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ।
৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’ এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।

ট্রেইলারে সব চরিত্রেরই দেখা মিলেছে। যেখানে দেখা গেছে, ২১ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে শীর্ষ এক সন্ত্রাসী। এই খবরে
তরুণ রিপোর্টার সামিউল ভেবেছিলেন যে সে ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা কাজ পেয়েই গেছে। বিশাল এক অর্থ পাচারকারী চক্রের তথ্য ফাঁস করে দিয়েছিলেন সামিউল। কিন্তু প্রথম পাতায় ছাপা তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায়।
অন্যদিকে তার কাজের সঙ্গি সাংবাদিক জহিরও জড়িয়ে পড়েন এই ঘটনায়। তাদেরকে ধরার জন্য আবার হন্যে হয়ে পিছু নেয় দুর্নীতিবাজরা। এমনই নানামুখী বিপদের ঘটনা এবং সেসবের সম্মুখীন হওয়ার ঘটনা দেখা গেছে ট্রেইলারে।

সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে মুক্তি পাবে।
'গোলাম মামুন' মুক্তির প্রায় দুই বছর পর আবারও ওটিটিতে ফিরেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘হেডলাইন’ এ তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।
জহির চরিত্রটি নিয়ে অপূর্ব বলেন, "জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।"
তিনি আরও বলেন, "শুধু চরিত্র নয়, হেডলাইন এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।"

তিন বছর পর আবারও ওটিটির কাজে ফিরেছেন আফসান আরা বিন্দু। সিরিজে তার চরিত্রটির নাম আইরিন। বিন্দু জানিয়েছেন, তিনি অপেক্ষায় আছে সিরিজটি মুক্তির।
সিরিজে নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, "সামিউল চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি আমার সর্বোচ্চ দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন।"