১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে ‘ভালোবাসার পাঁচফোড়ন’

শনিবার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

ভালোবাসা দিবসে ‘ভালোবাসার পাঁচফোড়ন’
‘ভালোবাসার পাঁচফোড়ন’ অনুষ্ঠানের দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 10:53 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভালোবাসা দিবস ঘিরে এবারও বিশেষ আয়োজন নিয়ে ফিরছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার পাঁচফোড়ন’। 

শনিবার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। 

এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচার হবে এটিএন বাংলায়। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় দুই যুগ ধরে বিশেষ এই দিনে প্রচার হয়ে আসছে পাঁচফোড়ন। এবারও অনুষ্ঠানটি ভিন্ন পরিবেশে নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে।   

এবারের পাঁচফোড়নের গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে, যারা ভালোবাসা দিবসে বাইরে না গিয়ে নিজেদের ঘরেই কাটান দিনটি। 

ভালোবাসা নিয়ে তাদের নানা কথোপকথন, ঘটনাপ্রবাহ ও দৈনন্দিন মুহূর্তকে কেন্দ্র করেই এগিয়েছে অনুষ্ঠানের মূল কাঠামো। 

গল্পের ফাঁকে ফাঁকে রয়েছে গান, নাচ, নাটক এবং বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন। 

অনুষ্ঠানে থাকছে দুইটি মূল গান। কবির বকুলের কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, যার সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

অন্যটি দ্বৈত সঙ্গীত, এতে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। 

পাশাপাশি একটি জনপ্রিয় ফোক গানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় থাকছে বিশেষ নৃত্যাংশ, যার পরিচালনায় মুরাদ।   

এবারের পাঁচফোড়নে রয়েছে সমসাময়িক প্রতিবেদনও। যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেনের উদ্যোগে খেজুরের রস ও ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।  

স্থানীয়ভাবে যিনি ‘রস কাকা’ নামে পরিচিত। এছাড়া লোকালয়ে বসবাসকারী এক ব্যতিক্রমী শিয়ালকে ঘিরেও থাকছে আলাদা একটি প্রতিবেদন। 

ভালোবাসা নিয়ে বিভিন্ন আঙ্গিকে নির্মিত মজাদার নাট্যাংশে অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা।

অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।