১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদ ঘিরে টিভিতে দেখা যাবে যেসব সংগীতানুষ্ঠান

শিল্পীদের একক, দ্বৈত ও দলীয় পরিবেশনার এসব গান শোনা যাবে ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন পর্যন্ত।

ঈদ ঘিরে টিভিতে দেখা যাবে যেসব সংগীতানুষ্ঠান
বৈশাখী টিভিতে 'গানে গানে ঈদ আনন্দ' অনুষ্ঠানের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ঈদ ঘিরে দেশের বিভিন্ন টেলিভিশন স্টেশনগুলো সাজিয়েছে বর্ণিল সংগীতানুষ্ঠানের আয়োজন। 

একক, দ্বৈত ও দলীয় পরিবেশনায় শিল্পীরা দর্শকদের মাতিয়ে রাখবেন ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন। পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই উপভোগ করা যাবে এই সুরের উৎসব।  

বৈশাখী টিভিতে 'গানে গানে ঈদ আনন্দ' 

ঈদের দিন বৃহস্পতিবার থেকে টানা সাত দিন প্রতিদিন সকাল ১১টায় বৈশাখী টিভিতে প্রচার হবে 'গানে গানে ঈদ আনন্দ'। 

এ অনুষ্ঠানে বিভিন্ন পর্বে দর্শকদের গান শোনাবেন কাজী শুভ, ইসরাত জাহান জুঁই, লিজা, গামছা পলাশ, সাদিয়া লিজা, মুহিন খান, নদী, ঐশী, নোলক বাবু, আয়শা জেবিন দীপা, আতিক হাসান এবং প্রিয়াংকা বিশ্বাস। 

দীপ্ত টিভিতে 'আমাদের ছবি আমাদের গান' 

চলচ্চিত্রের গানের প্রতি দর্শকদের ভালোবাসার কথা মাথায় রেখে দীপ্ত টিভি এবার পরিবেশন করছে 'আমাদের ছবি আমাদের গান'। 

ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে প্রচার হবে এ বিশেষ অনুষ্ঠান। 

বাংলা সিনেমার কালজয়ী ও দর্শকপ্রিয় গানগুলো নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।  

এনটিভিতে দুই অনুষ্ঠান   

এনটিভি এবার দর্শকদের জন্য নিয়ে এসেছে দুইটি আলাদা ধারার সংগীতানুষ্ঠান। 

'এ লগন গান শোনাবার' শিরোনামের অনুষ্ঠানটি ঈদের দিন বৃহস্পতিবার থেকে সাত দিন প্রতিদিন সকাল ৮টায় প্রচার হবে। 

উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমীর সঞ্চালনায় প্রতিটি পর্বে দেশের নামকরা শিল্পীরা পরিবেশন করবেন তাদের মনোমুগ্ধকর গান। 

আর ঈদের দিন থেকে সাত দিন প্রতিদিন বেলা দেড়টায় প্রচার হবে 'তারুণ্যের গান'। 

শান্তা জাহানের উপস্থাপনায় বিভিন্ন পর্বে পারফর্ম করবে ব্যান্ড দল 'পারসা অ্যান্ড ফ্রেন্ডস', 'মাদল', 'পেনোয়া', 'মাভৈ', 'দ্য কমরেড', 'সহজিয়া', 'গানপোকা' এবং 'এফ মাইনর'। 

আরটিভিতে তিনটি বিশেষ আয়োজন

আরটিভি এবার ঈদ উপলক্ষে তিনটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠিত শিল্পী থেকে শুরু করে তরুণ ও শিশু প্রতিভারাও।

'স্টুডিও বাংলার গায়েন' ঈদের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে। এই পর্বে গান পরিবেশন করবেন রাবেয়া সেতু, মিম, রাসেল, নিশি, শাহরিয়া, রিমি, জেসি, বাধন মোদক, লাবনী ও সুমন।

'ক্লাব ইয়াং স্টার' প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায়। গান শোনাবেন ইপা, অরিন্দম, পূজা, সিনথিয়া, লিমন, অংকিতা, অনিক সূত্রধর, অঙ্গনা পূজা, মেঘলা ও আমিরা। 

'ক্লাব লিটল স্টার' অনুষ্ঠানটি ঈদের ষষ্ঠ দিন বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে। গান গাইবে শিশু-কিশোর শিল্পী একান্ত ঐতিহ্য, গোধূলী সাহা, মহাশ্বেতা তালুকদার, চিশতি রহমতুল্লাহ, সাফিন মণ্ডল ও অরহাম প্রান্ত। 

নাগরিক টিভিতে 'বাংলা বাউল' 

বাউল সংগীতের অনুরাগীদের জন্য নাগরিক টিভি নিয়ে এসেছে বিশেষ আয়োজন 'বাংলা বাউল'। 

ঈদের দিন থেকে টানা সাত দিন প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে এ অনুষ্ঠান। 

গান শোনাবেন দীপ্র, দুর্জয়, অনন্যা আচার্য, সাগর বাউল, ডলি মন্ডল, গামছা পলাশ, পুষ্পিতা মিত্র, রাকিব, অনিক, দিপা, খায়রুল ওয়াসি, আশিক, লিজা, আকাশ এবং কানিজ খন্দকার।