Published : 20 Sep 2025, 06:29 PM
বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ আসছে দেশের প্রেক্ষগৃহে।
ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন বলেছেন, ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘সাবা’ মুক্তির খবর জানিয়ে মেহজাবীন লিখেছেন, “এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন—এ গল্প তার জন্যও।”
সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন গ্লিটজকে কদিন আগে বলেছিলেন, “অবশেষে দেশের মানুষকে 'সাবা' সিনেমার গল্পটা দেখাতে প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কীভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।"
সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান।
মুক্তির তারিখ জানিয়ে মাকসুদ বলেন, প্রায় পঁচিশ বছর আগে ঢাকায় তার স্ত্রী ত্রিলোরা খান ও শাশুড়ি এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই দুর্ঘটনার পর থেকে ত্রিলোরার মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। আর প্রতিদিনের যত্নের জন্য তাকে পুরোপুরি নির্ভর করতেন ত্রিলোরা আর তার বাবার ওপর।
“ত্রিলোরার বাবার মৃত্যুর পর আমি কাছ থেকে দেখেছি, যথেষ্ঠ টাকা, ২৪ ঘণ্টা নার্সিং সাপোর্ট আর পরিবার পাশে থাকলেও ত্রিলোরার জন্য মাকে সামলানো কতটা কঠিন ছিল। সেখান থেকেই আমার মাথায় আসে, যদি এমন এক তরুণীর গল্প বলা যায় যার নাম সাবা, যিনি ঢাকার নিম্নমধ্যবিত্ত জীবনে কোনো সাহায্য, টাকা বা পরিবার ছাড়াই মাকে বাঁচিয়ে রাখতে লড়ছে? সেই কল্পনা থেকেই তৈরি আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’।”
'সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। মা ও মেয়ে বাস করেন নিজস্ব আলাদা জগতে।
একসময় মা-মেয়ের সম্পর্কের মধ্যে আসেন অঙ্কুর নামের এক তরুণ, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার' যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।