Published : 16 Jun 2026, 09:54 PM
বাগদানের পর থেকে যুক্তরাষ্ট্রের সংগীততারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি বিয়ের পিঁড়িতে কবে বসতে চলেছেনর, সে খবর জানতে উন্মুখ হয়ে আছেন তার ভক্তরা। অবশেষে বিয়ের তারিখ নিয়ে ইংগিত দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।
পেইজ সিক্স লিখেছে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মামদানি। সেখানে কথা বলার সময় হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পপ তারকা সুইফটের বিয়ের প্রসঙ্গ উঠে আসে তার কথায়।
মামদানি বলেন, “এটি দেশের বৃহত্তম শহর। এখানে আমরা বড় বড় অনুষ্ঠান করতে অভ্যস্ত। এই সময় এনবিএতে নিউ ইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন আছে। আর সময়টি টেইলর সুইফটের বিয়ের সঙ্গে মিলে যাচ্ছে…এই সবকিছু একই সময়ে ঘটছে। সব মিলিয়ে এই মাটিতে বিশ্বের মানুষতে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”
এরপর সাংবাদিকরা জানতে চান, সুইফট-কেলসির বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানে মেয়র মামদানি আমন্ত্রিত নি না।
মেয়র হেসে উত্তর দেন, “না, আমন্ত্রণ আসেনি। সুন্দর একটি অনুষ্ঠানের জন্য তাদের শুভেচ্ছা জানাই।”
রসিকতা করে টেইলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’ এর কথা তুলে ধরে মামদানি বলেন, “ওই সন্ধ্যায় না হয় বাড়িতে বসে গানটা শুনব।”
মামদানির এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তবে সুইফট অথবা কেলসি কেউই তাদের বিয়ের তারিখ এখনো প্রকাশ করেননি।
বিভিন্ন গণমাধ্যমে এসেছে টেইলর ও কেলসি আগামী ৩ জুলাইয়ে বিয়ে করছেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আয়োজন হতে পারে।
ওই বিয়েতে আমন্ত্রিতদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য জানার আগে গোপনীয়তা চুক্তিতে সই করতেও হয়েছে।
এর মধ্যে নিউ ইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে। সম্প্রতি সুইফট তার হবু স্বামীকে নিয়ে ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ দেখতে গিয়েছিলেন।
গেল বছরের ২৬ অগাস্টে বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের অক্টোবরে এই জুটির সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তারা ছিলেন আলোচনায়।
তারা কখন কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কিছু কেনাকাটা করছেন কী না, তাদের সব খবর তুলে আনতেন সাংবাদিকরা।