১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চঞ্চল ও রাজকে নিয়ে আসবে ‘ইনসাফ ২’

বুধবার রাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘ইনসাফ’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে এই ঘোষণা দেন সিনেমার প্রযোজক।

চঞ্চল ও রাজকে নিয়ে আসবে ‘ইনসাফ ২’
'ইনসাফ' সিনেমার বিশেষ প্রদর্শনীতে কথা বলছেন শিল্পী, পরিচালক ও প্রযোজকরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 09:53 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় সিকুয়াল নিয়ে আসার ঘোষণা দিয়েছেন সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু।  

বুধবার রাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘ইনসাফ’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে এই ঘোষণা দেন তিনি।

খসরু বলেন,"ঈদে ‘ইনসাফ’ সিনেমাটি যেভাবে দর্শক প্রশংসা করছেন, আশা করছি খুব শিগগিরই ‘ইনসাফ ২’ নির্মাণ করা হবে এবং যা এই সিনেমাকে বিট করবে। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী গল্প দিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি।”     

'ইনসাফ' সিনেমার এক গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমার প্রধান চরিত্র শরীফুল রাজ ও চঞ্চল চৌধুরীকে ঘিরে তৈরি হবে নতুন কিস্তি।      

অ্যাকশন থ্রিলার গল্পে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।      

সিনেমায় রাজকে দেখা গেছে দুটি চরিত্রে। এক সময়ের ত্রাস ডন ইউসুফ চরিত্র ও আরেকটি লাবু মাস্টার চরিত্রে। সিনেমার গল্পে দেখা গেছে ডন ইউসুফের খোঁজ মেলে না পাঁচ বছর ধরে। তাকে খুঁজে বের করতে মাঠে নামেন জাহান নামের এক পুলিশ অফিসার। 

তিনি জানতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। সিলেটে গিয়ে ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল পান লাবু মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে। সহজ–সরল লাবু মাস্টার কী আসলেই ইউসুফ?, সেই রহস্য ভেদ করতে করতেই এগিয়ে যায় সিনেমার গল্প।    

'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস ছিল প্রযোজনার দায়িত্বে।   

গত ৭ জুন সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

খসরু জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ‘ইনসাফ’ দেশের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে, এছাড়া জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।