১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মমতার ভরাডুবিতে উচ্ছ্বসিত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী, ঝাড়লেন পুরনো ক্ষোভ

‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা দুটি নিয়ে পশ্চিমবঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একচোট নিলেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে চরমভাবে ধরাশায়ী হয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হওয়ায় খুশি ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। 

এই নির্মাতার খুশি হওয়ার কারণও আছে। তার সিনেমা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করার স্মৃতি এখনো দগদগে তার মনে। 

ভোটের ফলাফল প্রকাশের পর সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছেন বিবেক।   

তৃণমূল শাসনামলে পশ্চিমবঙ্গে সিনেমা মুক্তি দিতে রীতিমত লড়াই করতে হয়েছে বিবেক অগ্নিহোত্রীকে। বারবার সেন্সরশিপের খড়্গ নেমে এসেছে তার সিনেমার ওপর। সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়েও মমতা সরকারের পুলিশের বিরুদ্ধে চরম হেনস্থার অভিযোগ করেছিলেন পরিচালক। 

এক্স হ্যান্ডলে এক বার্তায় মমতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিবেক। 

তিনি বলেন, “দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর আমাকে বাংলায় কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। সিনেমাটি হল থেকে সরিয়ে নেওয়া হয় এবং বলা হয়েছিল আমাকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। গত বছর দ্য বেঙ্গল ফাইলস সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। আমাদের ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা চালানো হয়, শারীরিকভাবে আক্রমণ করা হয়। আমার বিরুদ্ধে দায়ের হয়েছিল ডজন ডজন এফআইআর। এমনকি রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নিতেও যেতে পারিনি।”

তবুও লড়াই যাওয়ার কথা জানিয়ে এই নির্মাতা আরও বলেন, “আমরা হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি গোপনীয়তা বজায় রেখে দ্য বেঙ্গল ফাইলস বাংলার বিভিন্ন জায়গাযর মানুষের কাছে যত বেশি সম্ভব পৌঁছে দেওয়া যায়। আমি খুশি যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের মতো করে লড়াই চালিয়ে গিয়েছি। “আর অবশেষে এই অভূতপূর্ব জয়। বাংলার মানুষদের অভিনন্দন। এখন আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে চলতে পারবেন।”

দেশভাগের আগের বছর কলকাতায় ভয়াবহ দাঙ্গায় হাজারো হিন্দু ও মুসলিমের প্রাণনাশ হয়। দাঙ্গার রেশ এসে লেগেছিল নোয়াখালীতেও। নোয়াখালী-কলকাতার দাঙ্গার প্রেক্ষাপটেই নির্মিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘ফাইলস’ ট্রিলজি ‘তাসখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর তৃতীয় কিস্তি ‘বেঙ্গল ফাইলস’ গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায়। 

তবে কলকাতায় সিনেমার ট্রেইলার প্রকাশের অনুষ্ঠান পণ্ড হয়ে যায় পুলিশি বাধায়। সিনেমা প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে সে সময়ের মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকেও। 

'দ্য বেঙ্গল ফাইলস': ৭৯ বছর আগে নোয়াখালীর দাঙ্গা নিয়ে ভারতে নতুন