২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুইদিন সন্ধ্যার সব শো বাতিল স্টার সিনেপ্লেক্সের

রোববার ও সোমবারের সন্ধ্যার শোয়ের টিকেট অগ্রিম বিক্রি করেনি প্রতিষ্ঠানটি।

দুইদিন সন্ধ্যার সব শো বাতিল স্টার সিনেপ্লেক্সের
স্টার সিনেপ্লেক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দুদিন সন্ধ্যার চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, রোববার ও সোমবার সন্ধ্যার সব শো বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‌"জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সকল শো আমরা স্থগিত করেছি।”

এর পরের সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে দর্শকদের জানানো হবে বলে জানিয়েছেন মেসবাহ।

এই কর্মকর্তা আরও বলেছেন, এই দুই দিনের সন্ধ্যার শোয়ের টিকেট অগ্রিম বিক্রি করেনি প্রতিষ্ঠানটি। ফলে টিকেটের টাকা ফেরত দেওয়ার কোনো জটিলতা থাকছে না।

সন্ধ্যার পর শো বন্ধ করায় এদিন থেকে স্টার সিনেপ্লেক্সের আট শাখায় ‘বনলতা এক্সপ্রেস’ শো পাচ্ছে ২৪ টি, 'প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ শো পাচ্ছে দুইটি, আর 'রাক্ষস' সিনেমা পাচ্ছে আটটি শো।

এছাড়া 'প্রেশার কুকার' সিনেমার তিনটি শো ও 'দম' সিনেমার ১১ টি শো চলবে। 

এছাড়াও সিনেপ্লেক্সে ‘প্রজেক্ট হেইল মেরি’, 'দে উইল কিল ইউ', 'দ্য সুপার মেরিও গ্যালাক্সি' শিরোনামের তিনটি বিদেশি সিনেমা চলছে।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমের সময় কমেছে। পাশাপাশি দোকানপাট, বিপণিবিতানহ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।