Published : 27 Aug 2026, 03:12 PM
‘শিকার’ চলচ্চিত্রের শুটিংয়ে টিমের সঙ্গে বর্তমানে নেপালে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দেশটি, প্রাণ হারিয়েছে দেড় শতাধিক মানুষ।
এই পরিস্থিতিতে ফেইসবুক পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন অপু; তিনি বলেন, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে ও সুস্থ আছে।
নেপালের প্রাকৃতিক দুর্যোগের পর যারা অপু বিশ্বাসের খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
পোস্টে অপু লিখেছেন, “নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।”
কৃতজ্ঞতা জানিয়ে নায়িকা আরও লিখেছেন, “সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ ও কাদার স্রোতে ভেসে গেছে বিস্তীর্ণ পাহাড়ি জনপদ।
বুধবারের এ ঘটনায় ৭০০ জন বিদেশি নাগরিকসহ প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল সরকার। বৃহস্পতিবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এমন একটি পাহাড়ি এলাকায় এ বিপর্যয় ঘটেছে, যা ট্রেকিং ও তীর্থযাত্রার জন্য জনপ্রিয়। নেপাল পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সীমান্ত এলাকায় কাদা, পাথর ও পানির প্রবল স্রোত বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নেপাল ও চীন—দুই দেশের কর্মকর্তারাই আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
‘শিকার’ শুটিংয়ে সাপের মুখোমুখি অপু
মাঝখানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও এখন কাজে ব্যস্ত হয়েছেন অপু বিশ্বাশ। গেল ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন জায়গায় ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ চলছে। তখন থেকেই দেশটিতে আছেন অপু। সিনেমায় অপুর চরিত্রের নাম বন্যা।
সিনেমার কাহিনী নিয়ে এখনই বেশি তথ্য ফাঁস করতে চান না তিনি। তার কথায়, ‘বহু চমক আছে সিনেমায়’।
গত বছরের শেষ দিকে ‘শিকার’ সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে প্রযোডাকশনের কাজ এগিয়ে নিয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। এরপর চলতি মসে নেপালে মহরত ও শুটিং করেন তিনি ।
রোমান বলেন, গল্পের প্রয়োজনেই নেপালকে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়।
কদিন আগে দেশের একটি সংবাদমাধ্যমকে অপু বলেছিলেন, ২৮ অগাস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে। কাজ শেষ করেই দেশে ফেরার কথা আছে তাদের।
পাহাড়ি অঞ্চলে দৃশ্যধারণ করতে গিয়ে অবশ্য এরই মধ্যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অপু।
পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা সাপের সামনে পড়েন তিনি। তাতে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।