১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের সবার প্রিয় ‘হ্যাগ্রিড’ আর নেই

এই অভিনেতা জেমস বন্ড সিরিজের দুটি সিনেমায়ও অভিনয় করেন।

হ্যারি পটারের সবার প্রিয় ‘হ্যাগ্রিড’ আর নেই

হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে রবি কোল্ট্রান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 12:51 PM

Updated : 15 Oct 2022, 06:31 PM

জনপ্রিয় মুভি সিরিজ হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ চরিত্রের অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন।

স্কটল্যান্ডের ফলকির্কের কাছের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসাপাতালে ৭২ বছর বয়সে এই অভিনেতার মৃত্যু হয় বলে বিবিসি জানিয়েছে।

এই অভিনেতা আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার এবং জেমস বন্ড সিরিজের ‘গোল্ডেন আই’ ও ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ সিনেমা দুটিতেও কাজ করেছেন।

রবি কোল্ট্রানের মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে তার মুখপাত্র বেলিন্ডা রাইট বলেন, হ্যারি পটারের মাধ্যমে সারা বিশ্বের শিশু-কিশোরদের কাছে তিনি হাজির হয়েছিলেন একরাশ আনন্দ নিয়ে।

কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবেও বর্ণনা করেছেন তার মুখপাত্র।

বিবিসিকে কোল্ট্রানের মুখপাত্র বেলিন্ডা রাইট জানান, প্রয়াত এই অভিনেতার সঙ্গে তার কাজের সখ্য গত চার দশকের। দীর্ঘ সময় ধরে কোল্ট্রানের সঙ্গে কাজ করার জন্য বেলিন্ডা নিজেকে গর্বিত মনে করেন।

“আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আর তা থেকে বলছি, তাকে একজন অবিচলিত মানুষ হিসেবে মনে রাখব। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন বুদ্ধিমান এবং হৃদয়বান মানুষ, তাকে আমি মিস করব।”

Image

রবি কোল্ট্রান

এই অভিনেতা তার পরিবারে দুই সন্তান স্পেন্সার ও অ্যালিস, মা রোনা জেমেল এবং বোন অ্যানিকে রেখে গেছেন। মৃত্যুর আগে কোল্ট্রানের চিকিৎসা এবং যত্নআত্তির জন্য হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা।

কোল্ট্রানের মৃত্যুর পর তার পরিবারের এই দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান হয়েছে এজেন্টের দেওয়া বিবৃতিতে। 

রবি কোল্ট্রান একজন স্কটিশ তারকা, তার আসল নাম রবার্ট ম্যাকমিলা। ১৯৫০ সালে ইংল্যান্ডের দক্ষিল ল্যানরকশায়ারের রাদারগ্লেন শহরে তার জন্ম।

১৯৭৯ সারেএ টিভি সিরিজ ‘প্লে ফর টুডে’ দিয়ে কোল্ট্রানের অভিনয় জীবন শুরু। তবে বিবিসি টিভি কমেডি সিরিজ ‘অ্যা কিক আপ দ্য এইটিজ’ এ অভিনয় তাকে খ্যাতি এনে দেয়। এই সিরিজে ট্রেসি উলম্যান, মিরিয়াম মার্গোলস ও রিক মায়াল তারকারাও অভিনয় করেছিলেন।

১৯৮৩ মালে আইটিভি কমেডি ‘আলফ্রেস্কো’তে স্টিফেন ফ্রাই, এমা থম্পসন, সিওভান রেডমন্ড ও হিউ ল্যারির সঙ্গে তাকে দেখা যায়।

কোল্ট্রান ১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নির্মিত ‘টুটু ফ্রুটি’তে এই প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।

তবে রবি কোল্ট্রানকে তুমুল জনপ্রিয় করে তোলে হ্যাপির পর্টার সিরিজের ‘হ্যাগ্রিড’ চরিত্রটি। সাত সিরিজের বইটিকে ঘিরে নির্মিত আটটি সিনেমাতেই কোল্ট্রানকে পেয়েছে দর্শক।

Image

হ্যারি পটার সিরিজের অন্যদের সঙ্গে রবি কোল্ট্রান

প্রিয় অভিনেতাকে হারিয়ে এই সিরিজের লেখক থেকে শুরু করে হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ এবং অন্যান্য সহঅভিনেতারা শোকের সাগরে ভাসছেন।

সবার স্মৃতিতে কোল্ট্রানের সঙ্গে কাটান মজার মজার মুহুর্ত। তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট ছুঁয়েছে এই সিরিজের ভক্তদের।

কোল্ট্রানকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া বিবৃতিতে হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ বলেন, “আমার দেখা সবচেয়ে মজার মানুষদের মধ্যে একজন ছিলেন কোল্ট্রান। শুটিং সেটে ক্রমাগত রসিকতা করতে সবাইকে হাসাতেন তিনি।”

সিনেমায় আজকাবানে হ্যারি পটারের দলবলকে আটকে রাখার শুটিং দৃশ্যের কথা বিশেষভাবে মনে পড়ছে জানান র‍্যাডক্লিফ।

“বৃষ্টি থেকে বাঁচার জন্য আমার সবাই যখন ঘণ্টার পর ঘণ্টা হ্যাগ্রিডের কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলাম, তখন নানা রকমের গল্প আর হাসি-তামাশায় আমাদের ভুলিয়ে রেখেছিল। তার সঙ্গে কাজের সুযোগ মেলায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তার অভিনয় দক্ষতা ছিল অবিশ্বাস্য। একজন সুন্দর মনের মানুষ চলে যায় আমার খুব কষ্ট হচ্ছে।”

হ্যারি পটারের আরেক তারকা এমা ওয়াটসনের ভাষ্য, কোল্ট্রানের মতো সহৃদয় মানুষ হওয়ার চেষ্টা করবেন তিনি।

“কথা দিলাম, আমি আপনাকে মনে রাখব,” নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন এই অভিনেত্রী।

হ্যারি পটারের লেখক জে কে রাউলিং এই অভিনেতাকে ‘অবিশ্বাস্য প্রতিভা’ এবং ‘অদ্বিতীয়’ অভিহিত করেছেন।

হলিউড অভিনেতা স্টিফেন টিভি সিরিজ ‘আলফ্রেস্কো’তে কোল্ট্রানের সঙ্গে কাজ করেছেন। টুইটে তিনি লিখেছেন, “অভিনয়ের গভীরতা-শক্তি-প্রতিভা মিশেল ছিল তার মধ্যে। অনেক মজার স্মৃতি আছে তার সঙ্গে। বিদায় বন্ধু, সাংঘাতিক মিস করবো, সত্যি!”

আরেক সহ অভিনেতা হিউ ল্যারিও কোল্ট্রানের কথা স্মরণ করে জানান, ম্যানচেস্টার এবং লন্ডনে তার সাথে কার রাইড শেয়ারে দারুণ কিছু সময় কেটেছে।

“কোল্ট্রানের সঙ্গে যত সময় কাটিয়েছি, পুরোটাই হাসি ঠাট্টার মধ্যেই কেটেছে। আমার মনে হয় না, আমি সারাজীবনে অন্য কারও সঙ্গে এত হাসাহাসি করেছি।”

ব্ল্যাকাডোর তারকা টনি রবিনসন কোল্ট্রানকে ‘একজন মিষ্টি মানুষ’, ‘একজন দুর্দান্ত কমিক অভিনেতা’ এবং একজন ‘সাবলীল অভিনেতা’ হিসেবে বর্ণনা করেছেন। টুইটারের পোস্টে এই অভিনেতার কোল্ট্রানের প্রতি ভাষাটি ছিল, “পরপারে ভালোবাসা আপনার সঙ্গী থাকুক।

Image

রবি কোল্ট্রান

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন কোল্ট্রানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, একজন অভিনেতা কোল্ট্রানের পরিসীমা ও গভীরতা মাপা সম্ভব নয়। কৌতুক অভিনেতার চরিত্র থেকে শুরু করে দৃঢ় চরিত্র, সবই তিনি ছুঁয়েছেন তার কাজের দক্ষতায়।

কোল্ট্রানের মৃত্যুর পর তাকে স্মরণ করেছে জেমস বন্ড পরিবারও। জেমস বন্ডের টুইটারের অফিসিয়াল হ্যান্ডেলে তাকে একজন ব্যতিক্রমী অভিনেতার তকমা দিয়ে বলা হয়েছে, তার প্রতিভার কোনো সীমারেখা ছিল না।

ব্রডকাস্টার রিচার্ড কোলস যোগ করেছেন, “কোল্ট্রানের বিদায়ের খবরে আমি দুঃখিত। আমরা একবার ড্রেসিং রুম শেয়ার করেছিলাম, সে সময় আমি আমার দেখা সবচেয়ে বড় একটি প্যান্ট দেখেছিলাম, যেটি সে অবলীলায় পরত। ওই সব মজার টুকরো টুকরো ঘটনা দিয়ে আমরা দুজন বন্ধু হয়ে যাই।”

কোল্ট্রান ১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নির্মিত ‘টুটু ফ্রুটি’তে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।

ক্যারিয়ারে নাটকে ২০০৬ সালে কোল্ট্রানকে যুক্তরাষ্ট্রে নববর্ষের সম্মানিত তালিকায় ‘ওবিই’ করা হয়। এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখান তিনি ‘বাফটা স্টকল্যান্ড’ পুরস্কারে ভূষিত হন।