Published : 31 May 2024, 01:55 PM
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অংশ নেওয়ার আগে নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সোওয়া পন্টিজস্কা নামের ইউক্রেনীয় মডেল।
একই ধরনের অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের অভিনেত্রীদের কাছ থেকে।
আরো কয়েকজনের সঙ্গে লাল গালিচায় অংশ নেওয়ার কথা ছিল পন্টিজস্কার। ফ্রান্সের সাগরপাড়ে গত ১৪ মে এই উৎসব শুরু হয়েছিল, উৎসবের পর্দা পড়ে ২৫ মে।
বিবিসি লিখেছে, এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পন্টিজস্কা সেজেগুজে আসছিলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দিকে আসছিলেন। একটি ভবনের গেইট থেকে বের হওয়ার পর একজন নারী নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। পন্টিজস্কা সামনে এগোতে চাইলে ওই নিরাপত্তাকর্মী তাকে জাপটে ধরে পেছনের দিকে ঠেলতে থাকেন। ধাস্তাধস্তিতে এক পর্যায়ে নিরাপত্তাকর্মীকে নিয়েই পন্টিজস্কা বসে পড়েন।
পরে ইউক্রেনীয় মডেল ফের উঠে দাঁড়ালে, সেখানে উপস্থিত অন্যান্য কর্মকতারা তাকে ঘিরে ধরেন এবং তাকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বাধ্য করেন।
নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার অভিযোগ করেছেন আমেরিকান গায়ক ও অভিনেত্রী কেলি রেল্যান্ডও।
এছাড়া দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইউনা এবং ডোমিনিকান অভিনেত্রী ম্যাসিয়েল তাভেরাসের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডার ভিডিও প্রকাশ্যে এসেছে।
বিবিসিকে পন্টিজস্কা বলেন, “আমার সঙ্গে ঘটনাটি ঘটে গত ২১ মে। আমি একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। লাল গালিচায় অংশ নেওয়ার জন্য বৈধ আমন্ত্রণপত্র নিয়ে প্রবেশ করছিলাম। কিন্তু খুব বিশ্রীভাবে আমাকে আটকানো হয়েছে।”
কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলায় তিনি ‘শারীরিক নির্যাতন’ এবং ‘মানসিক ক্ষতির’ অভিযোগ এনেছেন। এজন্য তিনি এক লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন।
উৎসবের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বিবিসি যোগাযোগ করেছিল, তবে এই ঘটনায় তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশাল মিডিয়ার নানা মাধ্যমে ১৬ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।
পন্টিজস্কা বলেন, “লাল গালিচায় যাতে আমি প্রবেশ করতে না পারি- সেজন্য আমাকে এমনভাবে চেপে ধরা হয়, আমার মনে হয়েছিল বুনো ভালুক আমাকে জাপটে ধরেছে। আমি খুবই ভয় পেয়ে যাই, ব্যথাও পাই। আমি যখন সামনের সিঁড়ির দিকে আগানোর চেষ্টা করি, ওই নিরাপত্তাকর্মী আমাকে ঠেলে একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যাতে কেউ বুঝতে না পারে কী ঘটতে চলছে। তারপর তিনি আমাকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য করেন। আমি কোনো ভুল করিনি জেনেও এরপর আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই।”
মামলার অভিযোগে ইউক্রেনীয় এই মডেল বলেছেন, হাজারো মানুষের সামনে একদল নিরপত্তাকর্মী তার উপস্থিতিকে চ্যালেঞ্জ করে বসেন এবং এই ঘটনায় মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই নিরাপত্তাকর্মী বিবিসিকে বলেন, উৎসবের সময় আমেরিকান গায়ক ও অভিনেত্রী কেলি রেল্যান্ডের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। কারণ তিনি জোর করে লাল গালিচা প্রাঙ্গণে সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন।
আমেরিকার নারীদের গানের দলের 'ডেসটিনিস চাইল্ড' এর একজন গায়িকা বলেন, “পন্টিজস্কা এবং আমি জানি কী ঘটেছে। আমাদের লাল গালিচায় দাঁড়ানোর একটি নির্দিষ্ট সময় এবং সীমানা আছে। ওই সময় আমাদের অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখে পন্টিজস্কা হয়ত মনে করেন, তাকেও তখনই লাল গালিচায় আসতে হবে।”
'ডেসটিনিস চাইল্ড' এর একজন গায়িকা আরো বলেছেন, ডোমিনিকান অভিনেত্রী তাভেরাসের তাড়াহুড়ো করে আসার সময় নিরাপত্তাকর্মীদের ধাক্কা দেন।
কান চলচ্চিত্র উৎসব নিয়মশৃঙ্খলার জন্য বরাবরই প্রশংসিত।
রিপোর্টার ক্রিস গার্ডনার বলেছেন, বেশিরভাগ অংশগ্রহণকারী কার্পেটে আসা-যাওয়া নিয়ে তাড়াহুড়ো করেছেন এবং নিরাপত্তাকর্মীরা শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই হিমশিম খেয়েছেন।