১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউরোভিশনের এশিয়া সংস্করণে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধি খুঁজছে বঙ্গ

আগামী ৩০ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতার ‘ন্যাশনাল ফাইনাল’।

ইউরোভিশনের এশিয়া সংস্করণে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধি খুঁজছে বঙ্গ
‘ভয়েস অব বাংলাদেশ, সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’ আয়োজনের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 07:41 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ইউরোপের সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কন্টেস্ট’ এর এশিয়া সংস্করণে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

আর এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য শিল্পী খুঁজে বের করতে ‘ভয়েস অব বাংলাদেশ, সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম 'বঙ্গ'।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিযোগিতাটির ‘ন্যাশনাল ফাইনাল’ হবে। সেখান থেকে বিজয়ী হয়ে আসা শিল্পী বা ব্যান্ডই প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’ এ বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবে।

যে কোনো ধারার একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের সংগীতশিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং সুরকার শওকত আলী ইমন। 

প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার অসামান্য সুযোগ এনে দিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

আগ্রহী শিল্পীদের নিজেদের একটি অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত অনলাইনে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি। 

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন পরিচালিত ইউরোভিশনের মূল গালা অনুষ্ঠান প্রতি বছর ১০ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন৷ এ বছরের মূল প্রতিযোগিতা আগামী মে মাসে ভিয়েনায় হওয়ার কথা৷ সেখানে অংশ নেবেন ৩৫টি দেশের শিল্পী৷

আর ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬'-এ এশিয়ার অন্তত ১০টি দেশের শিল্পীদের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে৷ সেই তালিকায় স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে রয়েছেন বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, নেপাল এবং ভুটানের শিল্পীরা৷ 

প্রতিযোগিতার ফাইনাল হবে নভেম্বরে৷ তার আগে আরো অনেক দেশের শিল্পীরা যোগ দিতে পারেন।