দেশের প্রেক্ষাগৃহে ‘কনজুরিং’ এর নতুন সিনেমা
স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় শুক্রবার থেকে ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমার ৩৯টি শো চলবে।
প্রায় চার বছর পর পর্দায় এসেছে ‘কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’।
শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।
মাল্টিপ্লেক্সটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় শুক্রবার থেকে ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমার ৩৯টি শো চলবে।
মাইকেল শ্যাভস পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যারা প্যারানরমাল তদন্তকারী।
লেখক এড ও লরেন ওয়ারেন হিসেবে দেখা যাবে মিয়া টমলিনসন ও বেন হার্ডিকে।
এবারের সিনেমাটি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায়, পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনের স্মার্ল পরিবারে অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটে।
দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনে, যা সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, এমনকি তারা একটি বইও লেখেন। ধারণা করা হচ্ছে, আগের ধারাবাহিকতায় এটিও এই ফ্র্যাঞ্চাইজির আরেকটি সফল সিনেমা হতে চলেছে।
হলিউড ‘কনজুরিং’কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচনা করা হয়। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির।
সর্বশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। করোনা মহামারীর মধ্যেও সিনেমাটি আশাতীত সাফল্য পায়।
