Published : 24 Aug 2026, 11:38 PM
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ শিরোনামে চিত্র প্রদর্শনী।
সোমবার বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রদর্শনী উদ্বোধন করেন। ৫৬ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে সেখানে।
সংস্কৃতি মন্ত্রী বলেন, “বর্তমান সরকার আমাদের সংস্কৃতির নানা মাত্রিকতাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে কাজ করছে। চারুশিল্পে বাংলাদেশের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে, তা আরও বাড়াতে প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলও কথা বলেন।
গত ১৫ থেকে ১৭ জুলাই একাডেমির চারুকলা বিভাগ তিন দিনের আর্ট ক্যাম্পের আয়োজন করে। ওই ক্যাম্পে তৈরি শিল্পকর্মগুলো নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি উন্মুক্ত থাকবে।