১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইত্যাদির এবারের পর্ব ভোলার চরফ্যাশনে

এই পর্বটি দেখা যাবে আগামী শুক্রবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদির এবারের পর্ব ভোলার চরফ্যাশনে
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদির' দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদির' এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে।   

মঞ্চ নির্মাণ করা হয়েছে প্রায় শত বছর প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।

এই পর্বটি দেখা যাবে আগামী শুক্রবার বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন আর স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। 

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই ভোলা জেলাকে নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা।

যা পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। 

গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। 

আর একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন। 

দর্শকপর্বে নির্বাচিত দর্শকরা অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে।  

এবারের অনুষ্ঠানে রয়েছে পর পর দুইবার এভারেস্ট জয় এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার। দেখানো হবে ভোলা জেলার উপর তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন।

নানি-নাতি পর্ব, সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। 

এবারের ইত্যাদির বিভিন্ন অংশে অভিনয় করা শিল্পীদের মধ্যে রয়েছে দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, রকি খান, জিল্লুর রহমান, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, জাহিদ শিকদার, জামিল হোসেন, নিপু, সুজাত শিমুল, কামাল বায়েজিদ, নজরুল ইসলাম, সাবরিনা নিসা, রাজীব সালেহীন, শুভরাজ, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে। 

ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।