৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ভাষার ‘ডট’

“আন্তর্জাতিকভাবে আমাদের গল্পটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে তাই ইংরেজি ভাষায় সিনেমা বানিয়েছি।”

প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ভাষার ‘ডট’
‘ডট’ সিনেমার পোস্টার। ছবি: বড়ুয়া মনোজিত ধীমনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে দেশে নির্মাণ করা হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। 

বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর। 

‘ডট’ সিনেমার দৃশ্য। ছবি: বড়ুয়া মনোজিত ধীমনের সৌজন্যে।   

‘ডট’ সিনেমার দৃশ্য

‘ডট’ প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। গ্লিটজকে তিনি বলেন, "গত ৩ অগাস্ট 'ডট' সিনেমার সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। আমাদের মুক্তির প্রস্তুতি চলছে। ৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডট। এটি সম্পূর্ণ ইংরেজি ভাষার সিনেমা, কোনো বাংলা ভার্সন হবে না।"  

ইংরেজি ভাষায় সিনেমা কেন? ধীমন বলেন, "এই সিনেমায় আমাদের সংস্কৃতি ইংরেজি ভাষায় তুলে ধরেছি, আন্তর্জাতিকভাবে আমাদের গল্পটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে তাই আমাদের এই চেষ্টা।" 

সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া। তিনি বলেন," এটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে ডট সিনেমায়।"   

‘ডট’ সিনেমার পোস্টার। ছবি: বড়ুয়া মনোজিত ধীমনের সৌজন্যে।  

‘ডট’ সিনেমার পোস্টার

‘ডট’ সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। পরিচালক কাঁকনের ভাষ্য "সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান।" 

এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে । 

শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’।