টেলিভিশনের পর্দায় প্রথমবার চিত্রা জহির, শোনাবেন জীবনের গল্প
শনিবার বিকেল ৫ টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
এই প্রথম টেলিভিশনের কোনো অনুষ্ঠানে হাজির হচ্ছেন বাংলা চলচ্চিত্রের ষাটের দশকের অভিনেত্রী চিত্রা জহির।
চ্যানেই আইয়ে ‘অনেক সাধের ময়না’ শিরোনামের অনুষ্ঠানে অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করবেন সাংবাদিক আবদুর রহমান।
চিত্রা জহিরের চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত 'রাজধানীর বুকে' চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি ১৯৬০ সালে মুক্তি পায় এবং সুপারহিট হওয়ায় আলোচনায় উঠে আসে চিত্রা সিনহার নাম।
এরপর একে একে তিনি অভিনয় করেছেন 'তোমার আমার', 'রাজা এলো শহরে', 'শাদী', 'বন্ধন', 'গোধূলির প্রেম'সহ বেশ কয়েকটি বাংলা এবং ঊর্দু চলচ্চিত্রে।
অভিনয়ের সূত্র ধরেই চিত্রার সঙ্গে পরিচয় হয় প্রযোজক, পরিচালক কাজী জহিরের সঙ্গে। পরবর্তীতে তারা বিয়ে করে সংসার শুরু করেন।
চিত্রা ফিল্মসের প্রযোজনায় সে সময় তিনি অভিনয় করেন 'নয়ন তারা', 'ময়না মতি', 'অবুঝ মন', 'চাষীর মেয়ে', 'বধূ বিদায়', 'আমার স্বপ্ন' সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।
