১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'চক্রে'র চক্করে ভিকির তিন বছর গায়েব

“একজনকে নিয়ে শুট করেছি. কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন আবার ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার করলাম, এর কিছুদিন পর দেখি তিনিও নেই।"

'চক্রে'র চক্করে ভিকির তিন বছর গায়েব
'চক্র' ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 11:53 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। 

গেল তিন বছর ধরে দৃশ্যধারণ সারলেও বাকি সব কাজ  কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে।

ভিকি জানিয়েছেন, সত্যি ঘটনা অবলম্বনে তার বানানো ‘চক্র’ নামের ওয়েব সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ আক্টোবর। 

‘চক্র’ নির্মাণে ভিকি হাত দিয়েছিলেন টেলিভিশন সিরিজ করার জন্য। কিন্তু পরে সিদ্ধান্ত নেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির দেবেন ‘চক্র’।  

'চক্র' সিরিজের পোস্টার 

'চক্র' সিরিজের পোস্টার

জাহেদ গ্লিটজকে বলেন, “২০০৭ সালে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন একেক রকম ভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক থ্রিলার একটি গল্প এই সিরিজে দেখানোর চেষ্টা করেছি।"  

‘চক্র’র চিত্রনাট্যের সঙ্গে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'প্রেতে'র গল্পের মিল রয়েছে বলে জানিয়েছেন জাহেদ। 

নির্মাতা ভিকি জাহেদ 

নির্মাতা ভিকি জাহেদ

তবে নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে এই পরিচালককে। 

“অদ্ভুত সব ঘটনা ঘটেছে, একটানা শুটিং করতে পারিনি। কাজটি করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরু করার পর সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর দুজন শিল্পী হারিয়েছি, লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম।   

"কোনো একটা প্রজেক্টের সঙ্গে জড়িত এতগুলো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধহয় আর নেই। এই ধাক্কাটুকু সামলে উঠতেই খুব কষ্ট হয়েছে আমার। এমনও হয়েছে একজনকে নিয়ে শুট করেছি কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন আবার ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার করলাম। তার কিছুদিন পর দেখি তিনিও নেই।" 

সিরিজ মুক্তিতে সেন্সরের খাড়াও নামে বলে জানিয়েছেন জাহেদ।

“প্রায় তিন বছর লাগল এই সিরিজের কাজ শেষ করতে। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি। তারপর সেন্সরে আটকা পড়ে। কিছু অংশ সংযোজন করে আবার জমা দেওয়া হয়। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।  

চক্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ আরো অনেকে।