মেসির দেখা পেলেন শাহরুখ
মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও।
দুই মহাতারকা লিওনেল মেসি এবং শাহরুখ খানের দেখা হয়েছে। কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দুজন।
দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার সেই দৃশ্য এরিমধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারেটের দুনিয়ায়। শাহরুখের ছোট ছেলে পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে।
ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে আছেন। শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই তার দেখা হয় শাহরুখের সঙ্গে।
সেখানে মেসি ও শাহরুখ হাত মেলান, কথা বলেন এবং ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও।
সেখান থেকে মেসি যান শহরের সল্ট লেক স্টেডিয়ামে। তবে শাহরুখ সেখান থেকেই ফিরে যান মুম্বাইয়ে।
এদিকে আর্জেন্টিনা অধিনায়ককে ঘিরে থাকা বিশাল দলবলের জন্য তাকে দেখতেই পারলেন না সল্ট লেক স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা চালালেন তাণ্ডব।
সিট উপড়ে ফেলা, বোতলসহ নানা কিছু ছুঁড়ে মারা, মাঠে ঢুকে পড়া, মঞ্চ ভেঙে ফেলা- শনিবার কী ঘটেনি কলকাতার এই মাঠে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে ছিলেন ফুটবলের মহানায়ক। সে সময় তাকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সিট উপড়ে ফেলে মাঠের দিকে ছুঁড়ে মারেন ভক্তরা।
এর আগে ২০১১ সালে সল্ট লেকে একটি প্রীতি ম্যাচ খেলেন মেসি। ভেনেজুয়েলাকে সেবার ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কলকাতায় ভার্চুয়ালি নিজের ৭০ ফুট উচ্চতার একটি ভাষ্কর্য উন্মোচন করেন মেসি।
