১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু একাডেমি মিলনায়তনে ‘বাপ্পা মজুমদার শো’

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে `আজব কারখানা’ আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’।

শিশু একাডেমি মিলনায়তনে ‘বাপ্পা মজুমদার শো’
বাপ্পা মজুমদার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:30 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

পেশাদার সংগীত জীবনের ৩০ বছর পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তার ক্যারিয়ারের এ মাইলফলক উদযাপন করতে যাচ্ছে গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’। 

শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’। 

আজব কারখানার কর্ণধার ও গায়ক জয় শাহরিয়ার জানান, এ আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তার তিন দশকের ক্যারিয়ারের উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানগুলো।

শিশু একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার। এরপর দুই ঘণ্টা সময় নিয়ে মঞ্চে পারফর্ম করবে বাপ্পা। 

তবে সবার সে গান শোনার সুযোগ হবে না। কেবল আমন্ত্রিত অতিথিরা এ কনসার্ট উপভোগ করতে পারবেন। 

বাপ্পা মজুমদার বলেন, "সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত তিন দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।" 

বাপ্পা মজুমদারের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।