২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের নিয়ে জাতীয় কনভেনশন শুক্রবার

‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’ স্লোগান নিয়ে শুক্রবার দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 06:16 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

সমাজের মৌলিক পরিবর্তন এবং শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়ে জাতীয় কনভেনশন আহ্বান করেছে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’।

‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’ স্লোগানে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার রাজধানীর তোপখানা রোডে উদীচী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতারা। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু। 

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও বৈষম্য তৈরি করা সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। দেশে আইনের শাসনের পরিবর্তে মাজার ও ভাস্কর্য ভাঙা, মব সন্ত্রাস, বাউলগান ও যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। মুক্ত গণমাধ্যম ও সংস্কৃতিচর্চার শঙ্কাহীন পরিবেশ আজও অধরা রয়ে গেছে।”

জামসেদ আনোয়ার তপন বলেন, “সুবিধাবাদী গোষ্ঠীর কারণে সাংস্কৃতিক আন্দোলনের যে বন্ধ্যাত্ব তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে প্রগতিশীল ও দেশপ্রেমিক সংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবিত করতেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।

“শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন সাংবাদিক ও লেখক নূরল কবীর। এরপর সংক্ষিপ্ত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে অতিথি হিসেবে থাকবেন উনসত্তরের গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্রনেত্রী দীপা দত্ত, লেখক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাউল শিল্পী আবুল সরকার।

“দুপুরের পর্বে আড়াইটা থেকে শুরু হবে সাংগঠনিক অধিবেশন, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কনভেনশন শেষ হবে। এতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন গণসংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাশ এবং সমাজ চিন্তা ফোরামের রঞ্জন দাশ শিবু।