‘দূরবীন’ ব্যান্ডের গিটারিস্ট শাওনকে ‘দেশ ছাড়ার হুমকি’
শাওন বণিক গ্লিটজকে বলেন, "হুমকির কারণটা আমি নিজেও জানি না। আমি নিছক মিউজিক করি, গিটার বাজাই ও শেখাই।"
তিন দিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি পাওয়ার কথা বলছেন ‘দূরবীন’ ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিক।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এই শিল্পী। তিনি বলছেন, দেশ না ছাড়লে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মো. আবদুল হালিম বলেন, শাওন বণিকের সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা ৩৭ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি শাওনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে তিন দিনের মধ্যে ঢাকার লালমাটিয়া ছেড়ে ভারতে চলে যেতে বলেন।
"এই সময়ের মধ্যে আমি লালমাটিয়া ছেড়ে ভারতে চলে না গেলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। উক্ত অজ্ঞাতনামা বিবাদীর এরূপ হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় আছি।"
৩৯ বছর বয়সী শাওন বণিক গ্লিটজকে বলেন, "হুমকির কারণটা আমি নিজেও জানি না। আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমি নিছক মিউজিক করি, গিটার বাজাই ও শেখাই। হঠাৎ করেই সকালে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল এবং তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলল।"
তিনি বলেন, "আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও এমন কিছুই লেখা বা বলা হয়নি যার জন্য আমাকে এমন হুমকি দেওয়া হতে পারে। কেন বা কারা এমন করল, আমি কিছুই বুঝতে পারছি না।"
দূরবীন ব্যান্ড গঠন হয়েছিল ২০০২ সালের ১২ ডিসেম্বর। সে সময় থেকেই দলটির গিটারিস্ট হিসেবে আছেন শাওন।
