Published : 13 Aug 2026, 10:03 AM
প্রেক্ষাগৃহে যাত্রার পর আবারও নিজ চিত্রায়নের জায়গায় ফিরছে প্রশংসিত সিনেমা 'দেলুপি'।
শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ওই দিন মোট চারটি শো হবে।
সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গ্লিটজকে জানান, সকাল সাড়ে ১০টায়, বেলা ৩টা, বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৯৯ টাকা।
গেল বছরের ৭ নভেম্বর খুলনায় প্রথম মুক্তি পেয়েছিল সিনেমাটি। পরের সপ্তাহে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
খুলনার পাইকগাছা উপজেলার 'দেলুটি' ইউনিয়নের নামের প্রেরণা নিয়ে নির্মিত হয়েছে 'দেলুপি'। দক্ষিণাঞ্চলের নদী-ভাঙন, প্লাবন, ভিটেমাটি হারানোর ভয় এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে উপকূলীয় মানুষের জীবনযুদ্ধের বাস্তব চিত্র ফুটে উঠেছে এ সিনেমায়।
একই সঙ্গে স্থানীয় রাজনীতি, সামাজিক টানাপড়েন এবং বিলুপ্তপ্রায় যাত্রা শিল্প ও যাত্রা শিল্পীদের টিকে থাকার সংগ্রামের আখ্যান তুলে ধরা হয়েছে এর গল্পে।
এ চলচ্চিত্রের প্রধান বিশেষত্ব হল, এতে পেশাদার কোনো তারকাশিল্পী অভিনয় করেননি। গল্পের বাস্তবসম্মত আবহ ফুটিয়ে তুলতে খুলনার স্থানীয় মানুষ ও স্থানীয় যাত্রা দলের শিল্পীদের নিয়েই এটি নির্মাণ করা হয়েছে। যাদের জীবনের স্বাভাবিক সংগ্রাম সিনেমার মূল উপজীব্য, তারাই অভিনয় করেছেন পর্দায়।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক উৎসবগুলোতে সাড়া ফেলে দেলুপি। নেদারল্যান্ডসের ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর সিনেমাটি অস্ট্রিয়ার 'রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা'য় স্থান পায়।