Published : 19 Jul 2025, 05:37 AM
কবির খান পরিচালিত বলিউডের সাড়া তোলা সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ পার করল এক দশক। সেই দশক পূর্তিতে সিনেমার সেটে তোলা কিছু অদেখা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কবির খান।
সে সব ছবিতে সালমান খান, মুন্নি চরিত্রের হারশালি, কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে কবির খানের নানা মুহূর্ত এসেছে ঘুরেফিরে।
ছবির সঙ্গে কবির খান লিখেছেন এই সিনেমা তৈরির উদ্দেশ্য ও সাফল্য নিয়ে।
২০১৫ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে আসে ‘বজরঙ্গি ভাইজান’। অল্প কদিনের মধ্যে সিনেমাটির নাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের দর্শকদেরও মুখে মুখে ফেরে।
‘বজরঙ্গি ভাইজান’ কেবল বক্স অফিসকে দুহাত ভরে দিয়েছে তা নয়, সিনেমাটি পেয়েছে দর্শকদের ভালোবাসা, বলেন কবির।
কবির খান বলেছেন, তিনি মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং আশা-ভরসার গল্প বলতে চেয়েছিলেন। “দেখাতে চেয়েছিলাম এমন এক দুনিয়ায়, যেখানে মানুষ শত সমস্যাতেও ভালোবাসার ডাক ভুলতে পারে না।”
নির্মাতার ভাষ্য, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা নিয়ে আজও মানুষ তাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। “এখনো অনেক মানুষ আমাকে বলেন, সিনেমাটি তাদের হাসায়, তাদের চোখে অশ্রুও ঝরায়।”