১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিতর্কের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশোধন, দুই বিভাগে পরিবর্তন

যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 09:37 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষিত তালিকা নিয়ে বিতর্কের পর আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে। 

এ দুই বিভাগে পরিবর্তন এনে মঙ্গলবার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

গত ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনে আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। 

তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা বলা রয়েছে। তারেক মাসুদ এবং আবদুল লতিফ বাচ্চু দুজনই প্রয়াত হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। 

আর যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম (ঝর্ণা বসাক শবনম) এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। 

এ ছাড়া সেরা চিত্রনাট্য বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। 

গত ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার ঘোষণা করা হয়েছিল। পরে অভিযোগ ওঠে, তিনি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেননি। 

পর্যালোচনা শেষে সংশোধিত প্রজ্ঞাপনে এই বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২৮টি বিভাগে ৩২টি চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর তালিকা প্রকাশ করা হয় গত ২৯ জানুয়ারি।

তাতে সুড়ঙ্গ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন আফরান নিশো; আর সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য আইনুন পুতুল পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

‘সাঁতাও’ ২০২৩ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে। এ সিনেমার নির্মাতা কে এম হালিমুজ্জামান (খন্দকার সুমন) পাচ্ছেন সেরা পরিচালকের পুরস্কার। এছাড়া ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা শব্দগ্রাহকের জাতীয় পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ।

এবারের পুরস্কার তালিকায় সবচেয়ে বেশি আটটি পুরস্কার পেয়েছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র 'সুড়ঙ্গ'।

এছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্র বিভিন্ন শাখায় পাঁচটি পুরস্কার পেয়েছে।

অভিনয়শিল্পী শবনম

অভিনয়শিল্পী শবনম

পুরস্কার পেলেন যারা

>> সেরা অভিনেতা: আফরান নিশো; চলচ্চিত্র 'সুড়ঙ্গ'

>> সেরা অভিনেত্রী: আইনুন পুতুল; চলচ্চিত্র ‘সাঁতাও’

>> সেরা চলচ্চিত্র: ‘সাঁতাও’

>> সেরা পরিচালক: কে এম হালিমুজ্জামান (খন্দকার সুমন); চলচ্চিত্র ‘সাঁতাও’

>> বিশেষ সম্মাননা: প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু

>> আজীবন সম্মাননা: অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। 

>> সেরা পার্শ্ব অভিনেতা: মনির আহম্মেদ শাকিল; ‘সুড়ঙ্গ’

>> সেরা পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা; ‘ওরা সাতজন’

>> খলচরিত্রে সেরা অভিনেতা: আশীষ খন্দকার; ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

>> কৌতুক চরিত্রে সেরা অভিনেতা: শহীদুজ্জামান সেলিম; ‘সুড়ঙ্গ’

>> সেরা শিশুশিল্পী: মো. লিয়ন; ‘আম কাঁঠালের ছুটি’

>> শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান আনাইরা খান; ‘আম কাঁঠালের ছুটি’

>> সেরা গায়ক: বালাম, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের প্রিয়তমা গানের জন্য

>> সেরা গায়িকা: অবন্তী দেব সিঁথি; 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের ‘গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো গানের জন্য’

>> সেরা গীতিকার: সোমেশ্বর অলি; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য

>> সেরা সুরকার: প্রিন্স মাহমুদ; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য

>> সেরা কাহিনীকার: ফারুক হোসেন; ‘প্রিয়তমা’

>> সেরা চিত্রনাট্যকার: তাসনীমুল হাসান; ‘রক্তজবা”

>> সেরা সংলাপ রচয়িতা: (যুগ্মভাবে) রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা; ‘সুড়ঙ্গ’

>> সেরা সম্পাদক: সালাহ উদ্দিন আহমেদ; ‘ওরা সাতজন’

>> সেরা শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম; ‘সুড়ঙ্গ’

>> সেরা চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার; ‘সুড়ঙ্গ’

>> সেরা শব্দগ্রাহক: সুজন মাহমুদ; ‘সাঁতাও’

>> সেরা পোশাক ও সাজসজ্জা: বীথি আফরীন; ‘সুড়ঙ্গ’

>> সেরা মেকআপম্যান: সবুজ; ‘প্রিয়তমা’

>> সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: মরিয়ম (নির্মাতা চৈত্রালী সমদ্দার)

>> সেরা প্রামাণ্যচিত্র: লীলাবতী নাগ: দ্য রেবেল (নির্মাতা এলিজা বিনতে এলাহী)

>> সেরা নৃত্য পরিচালক: হাবিবুর রহমান; চলচ্চিত্র 'লাল শাড়ি'

>> সেরা সংগীত পরিচালক: মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী); চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'

পুরনো খবর

চিত্রনাট্য না লিখেও পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিব্রত পরিচালক