২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুশ কোটি ছাড়ালো ‘বাহুবালি’র আয় 

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে তেলেগু সিনেমা ‘বাহুবালি’। মুক্তির পঞ্চম দিনেই ২০০ কোটি ছাড়িয়েছে সিনেমাটির আয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বলেন, ১৪ জুলাই বিশ্বব্যাপী ২১৫ কোটি রুপি ছাড়িয়েছে ‘বাহুবালি’র আয়। কর্মদিবসেও সিনেমা হলগুলোতে দর্শকের কমতি ছিল না।

তবে এখন পর্যন্ত হিট বলা যাচ্ছে না সিনেমাটিকে। কারণ সিনেমাটি নির্মাণ করতেই ব্যয় হয়েছে আড়াইশ কোটি রুপি।

১০ জুলাই মুক্তি পাওয়া ‘বাহুবালি’ বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে চারটি

ভাষায় - তেলেগু, তামিল, মালায়াম এবং হিন্দিতে। প্রতিটি ভাষাতেই ভালো ব্যবসা করছে ‘বাহুবালি’।

শুক্রবার বিশ্বব্যাপী ৪০০০ হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটির হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ১৫ লাখ রুপি। বলিউড বিশ্লেষক তারান আদর্শের মতে, হিন্দি ভাষায় রুপান্তরিত সিনেমাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ আয়।

এছাড়া ‘বাহুবালি’র তেলেগু সংস্করণ প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে। এর আগে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ৪৪ কোটি রুপি আয় করে তালিকার শীর্ষে ছিল।

ভারতের বাইরে ‘হ্যাপি নিউ ইয়ার’, এমনকি আমির খানের ‘পিকে’র চেয়েও ভালো ব্যবসা করছে ‘বাহুবালি’। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব অর্জন করে নেবে সিনেমাটি।

প্রাচীনকালে এক রাজ্যের ক্ষমতার দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে লড়াই নিয়ে নির্মিত ‘বাহুবালি’ পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। এতে অভিনয় করেছেন প্রাভাস, রানা ডাগুবাতি, তামান্না ভাটিয়া এবং আনুশকা শেঠির মত তেলেগু তারকারা।