আমিরের 'অভিনেত্রী চাই' বিজ্ঞাপন
বলিউডের 'পারফেকশনিস্ট' খানের প্রযোজনায় কাজ করতে কে না চায়। সেই আমির খান নিজেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অভিনেত্রী চাই’ লিখে বিজ্ঞাপন দেন, তখন মানুষের হুমড়ি খেয়ে পড়াটাই স্বাভাবিক।
কিছুদিন আগেই নিজের প্রযোজনা সংস্থার নতুন সিনেমার জন্য অভিনেত্রীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন আমির। সেখানে লেখা ছিল, ১২ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী খুঁজছেন তারা, যে গানও গাইতে পারে। আবেদনকারীদের নিজের গাওয়া একটি হিন্দি গানের ভিডিও আর অভিভাবকের অনুমতি পত্র সংযুক্ত করে ইমেইল করতে বলেছিলেন আমির খান। আর সে জন্য তিনি সহায়তা নিয়েছিলেন টুইটার এবং ফেইসবুকের।
আমিরের আহ্বানের সঙ্গে সঙ্গেই মিলেছে ব্যাপক সাড়া। এই পোস্ট দেওয়ার আধ ঘন্টার মধ্যেই জমা হয়েছে তিন হাজারেরও বেশি আবেদন। ভিডিও সংযুক্তির কারণে ভারী হওয়া এসব আবেদন আমির খান প্রোডাকশন্সের সার্ভার ধসিয়ে দিয়েছে বলে জানিয়েছে এক সূত্র।
সিনেমাটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন। বিজ্ঞাপনে এমন সাড়া পেয়ে অভিবুত এই নির্মাতা জানিয়েছেন, “আমরা সারা রাত জেগে ভিডিও ডাউনলোড করেছি, শুধুমাত্র যাতে আমরা ইনবক্স খালি করতে পারি। আমি এখনও সবগুলো আবেদন দেখে শেষ করতে পারিনি। আমাদের কাস্টিং টিম দিন-রাত কাজ করে যাচ্ছে আবেদনগুলোকে তালিকাভুক্ত করার জন্য। আমরা এর মধ্য থেকে অডিশনের ডাকও পাঠাচ্ছি। আশা করি আমরা আমাদের মেয়েটিকে পেয়ে যাব।”
এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির গল্প বা অন্য কিছু সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে অনেকেই বলছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান সংগীত পরিচালনা করবেন এই সিনেমার।
