'সব ধর্মবিশ্বাসকেই সম্মান করি'
মুসলমানদের হেয় করে দেওয়া একটি ভুয়া বক্তব্য ভারতীয় অভিনেতা সালমান খানের নামে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সম্প্রতি। এ বিষয়টি নিয়ে পুলিশের শরণাপন্ন হন সালমান। সম্প্রতি তিনি জানালেন, সব ধর্মবিশ্বাসকেই শ্রদ্ধা করেন তিনি।
সালমানের নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'কে কেন্দ্র করে এই ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটি দেখার পর ভক্তদের উদ্দেশ্যে সালমান টুইট করেন, "আমার নাম দিয়ে কয়েকটি ধর্মবিরোধী পোস্ট ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেটে, এইসব গুজবে কেউ বিশ্বাস করবেন না, এগুলো একদম সত্যি নয়। আমি এ ব্যাপারে পুলিশকে জানিয়েছি।"
পোস্টটিতে বলা হয়, মুসলমান ভক্তরা না দেখলেও তার সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' ঠিকই সফল হবে।
এই পোস্টের বিরুদ্ধে পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন সালমান, তবে এখনও কোনো মামলা করা হয়নি।
সালমান তার টুইটে আরও লেখেন, "আমি সব ধর্মবিশ্বাসকে সমানভাবে সম্মান করি। আমার নিজের বাড়িতেই সব ধর্মের মানুষ রয়েছে!"
মুসলমান লেখক-চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমানের মা সালমা খান ছিলেন একজন হিন্দু। এরপর সালমানের বাবা বিয়ে করেন খ্রিস্টান অভিনেত্রী হেলেনকে।
ধারণা করা হচ্ছে, ভারতের মুসলমান রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াসির সঙ্গে সালমানের রেষারেষিকে কেন্দ্র করে এই ভুয়া পোস্ট ছড়িয়েছে কোনো এক মহল। ২০১৪ সালে ভারতের নির্বাচনের সময় নরেন্দ্র মোদির সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা করেছিলেন ওয়াসি, এছাড়া সিনেমাতে নাচ-গান করার জন্য সালমানকে 'হারামী' বলেছিলেন তিনি।
ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় আছে 'বাজরাঙ্গি ভাইজান'। কবির খান পরিচালিত এই সিনেমাতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান।
