২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইন দ্য নেইম অফ দ্য ফাদার' - পিতা এবং সত্যের নামে

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ছেলেটি। আইনজীবীর ছুঁড়ে দেওয়া একের পর এক অভিযোগ শুনে ওর খুব হাসি পাচ্ছে। বাকি আসামীদের সঙ্গে বসা তার বাবা মাথায় হাত দিয়ে ভাবছেন, ছেলেটি আর শুধরালো না। ছেলেটি বুঝতে পারছে, অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে সে, কিন্তু কিছুই করার নেই তার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 12:19 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

কথা হচ্ছে আইরিশ পরিচালক জিম শেরিডানের সিনেমা ‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’কে নিয়ে। বাবা-ছেলের অম্ল-মধুর সম্পর্কের অনন্য সমীকরণকে তুলে ধরে এই সিনেমা। 

‘মাই লেফট ফুট’ সিনেমায় ব্রিটিশ-আইরিশ অভিনেতা ড্যানিয়েল ডে লুইসের সঙ্গে আগেই কাজ করেছিলেন জিম শেরিডান। 'ইন দ্য নেইম অফ মাই ফাদার' সিনেমায় আবারও জুটি বাঁধলেন শেরিডান আর লুইস।

১৯৭৫ সালে লন্ডনের এক রেস্তোরাঁয় আইরিশ বিদ্রোহীদের বোমা হামলায় প্রাণ হারায় ব্রিটিশ সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। আইরিশদের সঙ্গে ব্রিটিশদের সংঘাত চরম আকার ধারণ করে।  সে সময় কোনো প্রমাণ ছাড়াই কয়েকজন আইরিশকে আটক করে পুলিশ। আর এই পুরো ঘটনায় বলির পাঁঠা হয়েছিল বেলফাস্টের কনলন পরিবার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’ মুক্তি পায় ১৯৯৩ সালে।  

সিনেমা শুরু হয় সত্তরের দশকের আয়ারল্যান্ডে। বেলফাস্টের হিসাবরক্ষক জোসেপি কনলন সবসময়ই দুশ্চিন্তায় থাকেন নিজের ছেলেকে নিয়ে। না করবে চাকরি, না পড়াশোনা। এদিকে ব্রিটিশদের সঙ্গে সংঘাতের কারণে পরিস্থিতি ক্রমেই বিপদজনক হয়ে উঠছিল।

ওদিকে বন্ধুদের সঙ্গে ছিঁচকে চুরি করে দিব্যি চলে যায় জেরির। বাবার মতো সরকারি চাকরি করে জীবন কাটিয়ে দিতে চায় না সে, স্বপ্ন দেখে অনেক বড়লোক হবে এক দিন। ছেলের নিরাপত্তার কথা ভেবে তাকে লন্ডনে ফুপুর বাড়ি পাঠিয়ে দিলেন বাবা। কিন্তু এরপরই পাল্টে গেল তাদের জীবন।

সিনেমার শুরুটা হয় বেশ নাটকীয়ভাবে। আইরিশ ব্যান্ড ইউটুর সুরের ছন্দে যখন হারিয়ে যেতে শুরু করবেন দর্শক, তখনই রেস্তোরাঁর বোমা হামলার দৃশ্যটি নাড়িয়ে দেবে অন্তরাত্মা।

এরপরই দেখানো হয়, বেলফাস্ট শহরের এক সকাল। পুরো শহরে থমথমে পরিবেশ। অস্ত্র হাতে সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সদস্যরা।

বন্ধুরা যখন এক পরিত্যক্ত বাড়ির লোহার জিনিসপত্র চুরি করছিল, তখন জেরি একটি পাইপ হাতে নিয়ে গিটারের মতো করে বাজাতে ব্যস্ত।  জেরিকে আইআরএর স্নাইপার ভেবে বসলো ব্রিটিশ সেনারা। টিয়ার গ্যাস, গুলি আর মানুষের হুলুস্থুলের মাঝেও জেরিকে দেখে মনে হয় পুরো ব্যাপারটা খুব উপভোগ করছে সে, এমনভাবেই জেরি কনলনের সঙ্গে পরিচয় হয় দর্শকের।

জেরি কনলনের ভূমিকায় অভিনয় করেছেন ডে লুইস। সহজ-সরল ছন্নছাড়া জেরি তার বাবার মতো হতে চায়নি কখনও, ছেলেকে নিয়েও আফসোসের শেষ ছিল না বাবা জোসেপির। এই দ্বন্দ্ব বরাবরই একরাশ অভিমান হয়ে তাদের পরস্পরের জন্য ভালবাসা প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

লন্ডনের বোমা হামলায় সন্দেহভাজন হিসেবে যখন গ্রেফতার হলো জেরি, তখন বেপরোয়া পুলিশ কর্মকর্তারা স্বীকারোক্তি আদায়ে সব রকম পন্থাই অবলম্বন করলো। বাবাকে বাঁচানোর জন্যই সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও বোমা হামলায় নিজের দায় স্বীকার করে নিল জেরি।

জোসেপি কনলন ছেলেকে বাঁচাতে লন্ডনে ছুটে যান। সন্ত্রাসী হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনিও। ছেলের জীবনাবসনারে মুহূর্তটি পর্যন্ত ছিলেন তার পাশে, তাকে দিয়েছেন সাহস। বাবার সঙ্গে জেরির দূরত্ব অনেকটা কমে আসে কারাগারে একসঙ্গে থাকার পর।

জেরির চরিত্রে ডে লুইসের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এগিয়ে নিয়ে গেছে। জেরির সারল্য অসহায়ত্ব, অভিমান, ভালোবাসা, এবং ন্যায়বিচার পাবার আকাঙ্ক্ষা অনন্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন তিনি।

কারাগারে ১৫ বছর কাটানোর পর জেরি কনলনের ব্যক্তিত্বের যে আমূল পরিবর্তন হয় তা পাকা কারিগরের মতো ধাপে ধাপে নির্মাণ করেছেন ডে লুইস। মেথড অ্যাক্টর হিসেবে এই অস্কারজয়ী অভিনেতা এই চরিত্রটির জন্য বিশেষভাবে প্রস্তুতি নেন। ৫০ পাউন্ড ওজন কমানোর পাশাপাশি ৩ দিন এবং ৩ রাত কারাগারে বসবাস করেন তিনি, তার গায়ে ঠাণ্ডা পানি ছেটানো হয়। এরপর ৯ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন সত্যিকারের গোয়েন্দা পুলিশের তিনটি ভিন্ন ভিন্ন দল।

সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের জন্য সে বছরের অস্কার আসরে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন ডে লুইস। অপরদিকে তার বাবার চরিত্রে অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পান ব্রিটিশ অভিনেতা পিট পস্টেলথওয়েইট।

সিনেমাটিতে একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমা থম্পসন। গেরেথ পিয়ারস নামের একজন ব্রিটিশ আইনজীবীর ভূমিকায় দেখা যায় তাকে, যার অক্লান্ত চেষ্টায় ১৫ বছর জেল খাটার পর ন্যায় বিচার পেয়েছিলেন জেরি কনলন। পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন এনে দিয়েছিল এ চরিত্রটি।

এই তিন প্রধান চরিত্র ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে আইরিশ অভিনেতা জন লিঞ্চ, ব্রিটেনের মার্ক শেপার্ড এবং অভিনেত্রী বিটি এডনিকে। আর লন্ডনের বোমা হামলায় মূল ষড়যন্ত্রকারী জো ম্যাকান্ড্রুর চরিত্রে অভিনয় করেছেন আইরিশ ব্লুজ গায়ক ডন বেকার।

‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’ সিনেমার অন্যতম আকর্ষণ হল এর সঙ্গীত। সিনেমার শুরুতে বনোর গাওয়া ‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’ দর্শকের উত্তেজনা বাড়িয়ে দেয়, যা অটুট থাকে শিনেড ও’কনরের কণ্ঠে সিনেমাটির শেষ গান ‘ইউ মেইড মি দ্য থিফ অফ ইয়োর হার্ট’ পর্যন্ত।

মোট দশটি গান ব্যবহার করা হয়েছে এই সিনেমাতে। বনো এবং শিনেড ছাড়াও শোনা গেছে জিমি হেন্ড্রিক্স, বব মার্লে এবং ট্রেভর জোন্সের গান। 

মূলত কনলন পরিবারকে ঘিরে কাহিনি এগুলেও সত্যিকার অর্থে এই সিনেমাতে একটি পরিবারের মধ্য দিয়ে আইরিশ-ব্রিটিশ সংঘাতের তৎকালীন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শেরিডান। ‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’ এর গল্প উঠে এসেছে বাস্তবের জেরি কনলনের লেখা আত্মজীবনী ‘প্রুভেন ইনোসেন্ট’ থেকে।

সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হলেও ‘ইন দ্য নেইম অফ দ্য ফাদার’ সিনেমাটি দর্শকের মনে দাগ কাটবে বাবা এবং ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প হিসেবে। দুর্নীতিগ্রস্ত গোয়েন্দা পুলিশদের অন্যায় অবিচার কিংবা আইআরএ বাহিনীর বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে ছাপিয়ে জিম শেরিডান তুলে ধরেছেন পিতা-পুত্রের সংগ্রামকে, যা ছিল এই সিনেমার মূল উপজীব্য।