'স্পাইডার-ম্যানকে শ্বেতাঙ্গ হতে হবে'
বিশ্বব্যাপী গোপন রাজনৈতিক নথি ফাঁস করে আলোচনায় আসা ওয়েবসাইট উইকিলিক্স এবার গোমর ফাঁস করে দিল স্পাইডার-ম্যান এর দুই নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল এবং সনি পিকচার্সের। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আদান-প্রদান হওয়া ই-মেইল থেকে জানা গেছে, স্পাইডার-ম্যানের রূপায়নের ব্যাপারে নির্মাতাদের অনেকগুলো শর্তের মধ্যে একটি ছিল তাকে হতে হবে শ্বেতাঙ্গ এবং অন্যটি, সে সমকামী হতে পারবে না।
২০১১ সালে হওয়া ওই চুক্তিতে দুই পক্ষই বেশ কিছু শর্ত আরোপ করে পিটার পার্কার এবং তার অল্টার ইগো স্পাইডার-ম্যান এর চরিত্র গড়ে তোলার ক্ষেত্রে।
স্পাইডার-ম্যানের চরিত্রটির জন্যে আরোপ করা শর্তগুলো হলো, তাকে পুরুষ হতে হবে, অত্যাচারী হওয়া যাবে না, নিজেকে কিংবা অন্যদের রক্ষার জন্য হলেও, সে কাউকে হত্যা করতে পারবে না, কোনো গালিগালাজ করতে পারবে না, ধূমপান করতে পারবে না, মদ্যপ হতে পারবে না, ১৬ বছরের আগে যৌন সম্পর্কে জড়াতে পারবে না, ১৬ বছরের নীচের কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না এবং সমকামী হতে পারবে না (যদি না, মার্ভেল আগে থেকে এই চরিত্রটিকে সমকামী দেখিয়ে থাকে)।
পিটার পার্কারের চরিত্রের উপর আরোপিত শর্তগুলো হলো, তার পুরো নাম হবে পিটার বেঞ্জামিন পার্কার, সে শ্বেতাঙ্গ এবং বিপরীতকামী, ছোটবেলা থেকেই তার জীবন থেকে বাবা-মা অনুপস্থিত, সে বড় হয় তার চাচা বেন আর চাচি মের কাছে, এক মাকড়শার কামড় খেয়ে সে অতিমানবীয় শক্তি অর্জন করে এবং নিজের প্রথম নীল-লাল স্যুট সে নিজেই তৈরি করে। কাল রঙের স্পাইডার-ম্যান স্যুটটি তার নিজের বানানো না এবং এটি বায়োনিক। নিউ ইয়র্কের কুইন্সে একটি মধ্যবিত্ত পরিবারে সে বড় হয়, তার স্কুল এবং কলেজের পড়াশোনা এখানেই সম্পন্ন করে।
পিটার পার্কার এবং স্পাইডারম্যানের চরিত্র প্রথম তৈরি করেন লেখক এবং শিল্পী স্ট্যান লি এবং স্টিভ ডিটকো। ১৯৬২ সালে অ্যামেইজিং ফ্যান্টাসির ১৫৬ তম সংখ্যায় প্রথমবারের মতো আবির্ভাব ঘটে কিশোর পিটার পার্কারের, বয়ঃসন্ধিকালীন সমস্যার মুখোমুখি হতে হতেই যে অপরাধীদের মোকাবেলা শুরু করে।
