সবার ওপরে ‘জুরাসিক ওয়ার্ল্ড’
মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপি ৫২ কোটি ৪১ লাখ ডলার আয় করে সর্বকালের সর্বাধিক উদ্বোধনী আয়ের সিনেমা হওয়ার রেকর্ড গড়লো ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
'জুরাসিক পার্ক' ট্রিলজির সবশেষ সিনেমার ১৫ বছর পর মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়াল্ডর্’ যুক্তরাষ্ট্রের বক্স-অফিস থেকে সংগ্রহ করেছে ২০ কোটি ৮৮ লাখ ডলার। এর আগে যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি দখলে ছিল ২০১২ সালের সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর।
আন্তর্জাতিক বাজারে ৩১ কোটি ৫৩ লাখ ডলার ব্যবসা করে, ‘হ্যারি পটার: ডেথলি হলো পার্ট টু’ এর রেকর্ড আয় ৩১ কোটি ৪ লাখ ডলারকে পেছনে ফেলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
ক্রিস প্র্যাট এবং ব্রাইস ডালাস হাওয়ার্ড অভিনীত সিনেমাটি তৈরি হয়েছে ১৫ কোটি ডলারে। অর্থাৎ এর মধ্যেই বিশ্বব্যাপি এর নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স আয় করে নিয়েছে মূলধনের দ্বিগুণেরও বেশি অর্থ।
ইউনিভার্সাল পিকচার্সের জন্য এটি বছরের চতুর্থ হিট সিনেমা। ফেব্রুয়ারির ইরটিক ড্রামা ‘ফিফটি শেডস অফ গ্রে’, এপ্রিলের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ এবং মে মাসের ‘পিচ পারফেক্ট’ ছিল এ বছরে তাদের নির্মিত আরও তিনটি হিট সিনেমা।
একই বছর পর পর চারটি হিট সিনেমার কারণে ইউনিভার্সাল পিকচার্স নিজেও অর্জন করেছে অনন্য দুটি রেকর্ড। প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে এক বছরে একশ কোটি ডলার আয় করা। দ্বিতীয়টি, বিশ্ব বাজারে ৩০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করা।
