খুঁতখুঁতে সাবা
অভিনেত্রী সোহানা সাবা কাজ করেন বেছে বেছে। বাণিজ্যিক হোক কিংবা ভিন্ন ধারার চলচ্চিত্র - সাবার কাছে মুখ্য ব্যাপার অভিনয়ের সুযোগ। চরিত্রের ব্যাপারে তিনি নাকি ভীষণ ‘খুঁতখুঁতে’ তিনি।
ফাহমিদা ইরফান ফাহমি পরিচালিত ঈদের নাটক ‘ঢাকা মেট্রো গ....’র সেটে গ্লিটজের সঙ্গে আলাপে সোহানা সাবা বলেন, “কাজ করার ক্ষেত্রে দারুণ খুঁতখুতে আমি। গল্প, চরিত্র, পরিচালক পছন্দ না হলে কাজ করার সিদ্ধান্ত চূড়ান্ত করি না। তাছাড়া ভিন্ন ধরনের চরিত্রকে প্রাধান্য দেই বলে অন্যদের তুলনায় আমি কম কাজ করি।”
কলকাতার নির্মাতা অয়ন চক্রবর্তীর রোমান্টিক-থ্রিলার ‘ষড়রিপু’র মাধ্যমে টালিগঞ্জে অভিষেক ঘটতে যাচ্ছে সাবার। সে প্রসঙ্গে বললেন, “নারীপ্রধান গল্পনির্ভর ‘ষড়রিপু’ সিনেমাতে আমাকে রাকা নামের কোটিপতি বউয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য পড়ে অসাধারণ লেগেছে বলেই কাজ করার জন্য সম্মত হয়েছি। তাছাড়া এমন একটি চরিত্রের জন্য আমি অপেক্ষাতেও ছিলাম।”
সিনমোতে সাবার বিপরীতে কাজ করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আরও রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, রাজেশ শর্মা, রুদ্রনীল ঘোষ, সুদিপ্তা চক্রবর্তী, কনিনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টালিগঞ্জের মূলধারার বাণিজ্যিকি সিনেমায় কাজ করার প্রস্তাব পেলে অভিনয় করবেন কি না - এমন প্রশ্নের জবাবে বললেন, ‘নিজেকে গণ্ডির ভিতরে বেঁধে রাখতে চাই না। অভিনয় নিয়ে যেখানে এক্সপেরিমেন্টের সুযোগ আছে, সেখানেই আমি কাজ করতে রাজি।”
ঢাকা ও টালিগঞ্জের কাজের ধরন ও অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বললেন, “সিনেমা নির্মাণ শৈলী দু’বাংলারই প্রায় একই রকম। তবে ওপার বাংলার পরিচালকরা অনেক বেশি পেশাদার। এমনকি এ পেশাদারিত্ব থেকে বাদ যায় না ইউনিটের প্রডাকশন বয়ও। আর অভিজ্ঞতার কথা বলতে হলে বলব, আমি স্বপ্নেও ভাবিনি তারা আমাকে এত ভালোভাবে গ্রহণ করবে। ইউনিটের সবার ব্যবহারে আমি মুগ্ধ, কৃতজ্ঞ।"
শুধু স্বামী নির্মাতা মুরাদ পারভেজ নয়, ভাল চিত্রনাট্য ও অভিনয়নির্ভর চরিত্র পেলে অন্য পরিচালকের সঙ্গেও কাজ করতে আপত্তি নেই সাবার।
সম্প্রতি নাহিদ আহমেদ পিয়ালের ‘সূচনা সমাপ্তি ও ভূমিকা’, ফাহমিদা ইরফানের ‘বিসংবাদ’, ও ‘ঢাকা মেট্রো গ..’র কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন মুরাদ পারভেজের ‘দৌড়’ চলচ্চিত্রের কাজ।
টিভি নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবা এ পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। সেগুলো হলো ‘আয়না, ‘চন্দ্রগ্রহণ, ‘খেলাঘর, ‘প্রিয়তমেষু’ও ‘বৃহন্নলা‘। 'ষড়রিপু’ তার ষষ্ঠ ছবি। সম্প্রতি সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বৃহন্নলা’ ছবির জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন তিনি।
