ফরাসি সাময়িকীর বিরুদ্ধে ডিক্যাপ্রিওর মামলা
বেশ কিছু দিন ধরেই পপ তারকা রিহানার সঙ্গে প্রেমের গুজব ছড়ানোয় গণমাধ্যমের উপর নাখোশ ছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এবার ফরাসি এক সাময়িকী তিনি রিহানার সন্তানের বাবা হতে যাচ্ছেন এমন খবর ছাপানোয় তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন মার্কিন এই অভিনেতা।
টিএমজি বলছে, ২৮ মে উপস! নামের ওই সাময়িকী তাদের প্রচ্ছদ করে ডিক্যাপ্রিওর ঔরসে রিহানার গর্ভধারণের গুজব নিয়ে। তারা এও দাবি করে, সন্তানটিকে নিজের বলে পরিচয় দিতে রাজি নন ‘ইনসেপশন’ খ্যাত এই তারকা।
ডিক্যাপ্রিওর আইনজীবি খবরটিকে ‘আদ্যোপান্ত কল্পনা’ বলে দাবি করেছেন।
ফরাসি আইনের আওতায় এ ধরনের অপরাধের সর্বোচ্চ ক্ষতিপূরণ চেয়েই সাময়িকীটির বিরুদ্ধে মামলা করেছেন ডিক্যাপ্রিও। ২০ হাজার মার্কিন ডলার এবং আইনি খরচের পুরোটা ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন তিনি।
সূত্র জানাচ্ছে, ডিক্যাপ্রিও’র পক্ষ থেকে ঐ সাময়িকীর কর্তৃপক্ষের সঙ্গে এর আগে যোগাযোগ করা হয়েছিল এবং জানানো হয়েছিল খবরটি মিথ্যা। এর উত্তরে সাময়িকীর তরফ থেকে বলা হয়, বিষয়টি নিয়ে তারা চিন্তিত নয়।
আরেকটি সূত্র দাবি করছে, সাময়িকীটি তাদের কাটতি বাড়াতে চায়।
