বক্স-অফিসে উষ্ণতা ছড়াচ্ছে 'দিল ধাড়াকনে দো'
ভারতের বাজারে মুক্তির প্রথম দিনে ১০ কোটি রুপির বেশি আয় করেছে বহু তারকাবহুল সিনেমা 'দিল ধাড়াকনে দো'। তবে 'গাব্বার ইজ ব্যাক'-এর রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
১০ কোটি ৫৩ লাখ রুপি আয় করে চলতি বছর প্রথম দিনে সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে এসেছে যোয়া আখতারের পারিবারিক সিনেমা 'দিল ধাড়াকনে দো'। এখন পর্যন্ত প্রথম দিনে ১৩ কোটি ৫ লাখ রুপি আয় করে প্রথম স্থানে রয়েছে 'গাব্বার ইজ ব্যাক'।
৫ জুন মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম দিনের বক্স-অফিস সংগ্রহ হিসাব করে এ খবর জানান বিশ্লেষক তারান আদর্শ। বিশ্লেষকদের মতে, প্রত্যাশা অনুযায়ী ভাল ব্যবসা করছে সিনেমাটি।
তবে প্রথম দিনের আয়ের দৌড়ে রানভির সিং, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, ফারহান আখতার, আনুশকা শর্মা অভিনীত এই সিনেমাটি পেছনে ফেলেছে কাঙ্গানা রানাওয়াতের ব্লকবাস্টার হিট 'তানু ওয়েডস মানু রিটার্নস'কে।
বিশ্লেষকরা জানান, মফস্বলের চাইতে শহুরে এলাকাগুলোতে 'দিল ধাড়াকনে দো' সাড়া পাচ্ছে বেশি। এছাড়া সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভাল চলছে সিনেমাটি।
