২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবি কিংয়ের সেরা দশ

বিবি কিং মানেই শুধু গিবসন গিটার কিংবা সরগরম মঞ্চ নয়। ৬৫ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ৭৫টিরও বেশি হিট আরঅ্যান্ডবি সিঙ্গেল। ব্লুজ ঘরানার রীতি না ভেঙ্গেই তৈরি করেছেন ভিন্নধর্মী সুর।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 12:23 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

ব্লুজ সঙ্গীতের এই রাজার সেরা দশটি গানের বিবরণ তুলে ধরা হলো। 

'থ্রি ও ক্লক ব্লুজ' (১৯৫১)

লয়েল ফুলসনের এই বিখ্যাত গানটি কভার করেই নিজের ক্যারিয়ারের প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন কিং। গানটি আরঅ্যান্ডবি চার্টের শীর্ষে ছিল পাঁচ সপ্তাহ।

'ইউ আপসেট মি বেবি' (১৯৫৪)

'শি গট এ রিয়েল ক্রেজি লেগস, ইউ আপসেট মি বেবি' - গানটি শুনে এক আবেদনময়ী নারীর ছবি কল্পনায় ভেসে ওঠে শ্রোতাদের। পঞ্চাশের দশকে কিংয়ের গাওয়া চতুর্থ আরঅ্যান্ডবি হিট এটি, যা একই সঙ্গে ছিল বিতর্কের ঝড় তুলেছিল।

'এভরি ডে আই হ্যাভ দ্য ব্লুজ' (১৯৫৫)

আরও একটি ক্লাসিক কভার করে স্মরণীয় হয়ে আছেন কিং, আর সেটি হল 'এভরি ডে আই হ্যাভ দ্য ব্লুজ'। এই গানটির জন্য গ্র্যামি হল অফ ফেইম পুরস্কার পেয়েছিলেন তিনি।

সুইট সিক্সটিন (১৯৬০)

পঞ্চাশের দশকের শেষের দিকে নিজের সঙ্গীতের ধারা খানিকটা বদলানোর চেষ্টা করেছিলেন কিং। এর ফলে তার ব্লুজ ক্যারিয়ারের গতি শ্লথ হয়ে যায়। এরপর কিং ফিরে আসেন 'সুইট সিক্সটিন' নিয়ে।

'ডোন্ট অ্যানসার দ্য ডোর' (১৯৬৬)

ষাটের দশকের মাঝামাঝি কিং-এর গিটার বাজানোর ধরন হয়ে ওঠে আরও পরিণত, তা বোঝা যায় এই গানটির মাধ্যমে।

'ওয়াই আই সিং ব্লুজ' (১৯৬৯)

১৯৬৯ সালে প্রকাশিত কিংয়ের অ্যালবাম 'লিভ অ্যান্ড ওয়েল'-এর পুরোটাই ছিল যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের আর্থ-সামাজিক অবস্থাকে তুলে ধরার প্রয়াস। আর সেই অ্যালবামেই ছিল এই গানটি।

'দ্য থ্রিল ইজ গন' (১৯৭০)

প্রেমিক-প্রেমিকার সম্পর্কের শীতল দিক তুলে ধরা এই গানটি কিংকে পপ ঘরানার শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তোলে।

'চেইনস অ্যান্ড থিংস' (১৯৭০)

'দ্য থ্রিল ইজ গন'- এর সাফল্যের পর ব্লুজের সঙ্গে রক এবং পপ ঘরানার মেলবন্ধন সৃষ্টিতে আরও আগ্রহী হন কিং, তারই ফল হিসেবে তৈরি হয় এই গানটি।

'টু নো ইজ টু লাভ ইউ' (১৯৭৩)

পুরো সাড়ে আট মিনিটের এই গানে ব্লুজের সঙ্গে কিং খানিকটা ডিস্কো এবং ফাঙ্ক সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়েছেন।

'নেভার মেক এ মুভ টু সুন' (১৯৭৮)

জ্যাজ ফিউশন ব্যান্ড 'দ্য ক্রুসেডার'- এর সঙ্গে মিলে এই গানটি গেয়েছিলেন কিং। এছাড়া গায়ক রজার ডাল্ট্রের সঙ্গে মিলেও গানটি আলাদাভাবে রেকর্ড করেন তিনি।