দিপিকাই রানী
একদিকে বলিউড সুপারস্টারদের সঙ্গে ব্লকবাস্টার হিট, অন্যদিকে হিন্দি সিনেমার সেরা অভিনেতাদের সঙ্গে বিকল্প ধারার সিনেমা - ২০১৪ যেন নিজের তালুতে পুরে রেখেছিলেন দিপিকা পাড়ুকোন। 'পিকু' দিয়ে ২০১৫-এর শুরুটাও করলেন দারুণভাবে। আরও একবার প্রমাণ করলেন, মুম্বাই সিনেপাড়ার রানী তিনি।
কমেডি-ড্রামা ধাঁচের সিনেমা 'পিকু' মুক্তির চার দিনে আয় করেছে ২৯ কোটি রুপি। আর দিপিকার ঝুলিতে জমেছে আরেকটি সফল সিনেমা।
বিশ্লেষকরা বলছেন, দিপিকা আরও একবার প্রমাণ করেছেন কেবল নাচ-গানেই নয়, অভিনয়েও পারদর্শী তিনি।
২০১৩ সালের পর থেকে সবচেয়ে ব্যবসাসফল নায়িকা হবার তকমাটা দিপিকার কাছেই আছে। 'ককটেইল' দিয়ে শুরু, এরপর 'চেন্নাই এক্সপ্রেস', 'গোলিও কি রাসলিলা: রামলিলা', 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি', 'হ্যাপি নিউ ইয়ার' এবং সবশেষ 'পিকু' - সাফল্যের পথে দিপিকার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিপিকা বলেন, "আমার প্রথম সিনেমা (ওম শান্তি ওম) মুক্তির পর অনেকেই আমার কঠোর সমালোচনা করেছিলেন। এক সমালোচকের লেখা পত্রিকায় পড়ে আমি তা কেটে নিজের কাছে রেখে দেই, আমাকে নিয়ে তার সমালোচনাগুলো ভালমতো দাগ দিয়ে রাখি আর প্রতিদিন দেখি। কারও কথা শুনে মন খারাপ করার বদলে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি আমি।"
বিজ্ঞাপনের বাজারেও দিপিকার রয়েছে আলাদা কদর। ১৫টি পণ্যের দূত হিসেবে কাজ করছেন তিনি। গুঞ্জন সত্যি হলে, এখন বিজ্ঞাপন জগতে সবচেয়ে দামি নায়িকা হলেন দিপিকা।
