২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিফারের পণ

রূপালী জগতে সমপরিমাণ পরিশ্রম করেও অভিনেতাদের চেয়ে অভিনেত্রীরা কম পারিশ্রমিক পেয়ে আসছেন অনেক আগ থেকেই। সেই নিয়মটা পাল্টে দিতে চান মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। নতুন একটি স্পেস ড্রামায় চুক্তিবদ্ধ হওয়ার আগে তার পুরুষ সহশিল্পীর মতোই দুই কোটি ডলার দাবি করেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 12:13 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

হিন্দুস্তান টাইমস বলছে, এই অস্কারজয়ী অভিনেত্রী ‘আমেরিকান হাসল’-এ ব্র্যাডলি কুপার এবং ক্রিশ্চিয়ান বেলের তুলনায় অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন। ২০১৪ সালের সনি সাইবার হ্যাকের ঘটনায় আরও জানা যায়, লরেন্সের মতোই তার নারী সহশিল্পী এমি অ্যাডামসও তার তারকাখ্যাতি সত্ত্বেও অনেক কম পারিশ্রমিকে কাজ করেছিলেন সিনেমাটিতে।

সনির নতুন স্পেস ড্রামা সিনেমায় লরেন্স কাজ করবেন 'গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি' খ্যাত ক্রিস প্র্যাটের বিপরীতে। সিনেমাটি নিয়ে আলোচনার সময়ই তার দাবিকৃত পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিনেমার অন্যতম প্রযোজক টম রথম্যান। এই পরিমাণ অর্থ না দিলে সিনেমাটি ছেড়ে দেওয়ার ব্যাপারেও পিছপা হবেন না বলে জানিয়েছেন লরেন্স।

সাম্প্রতিক সময়ে হলিউডে পারিশ্রমিকের ব্যাপারে লিঙ্গ বৈষম্য নিয়ে সরব হতে দেখা গেছে তারকাদের। চলতি বছরের অস্কারে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়া প্যাট্রিশিয়া আর্কুয়েট তার অস্কার বক্তব্যে তুলে ধরেন বিষয়টি। এছাড়া, কিছুদিন আগে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টও হলিউডকে অভিহিত করেছেন ‘জঘন্যভাবে লিঙ্গ বৈষম্যকারী’ হিসেবে।