সাইফের পারিবারিক জমি শত্রু সম্পত্তি ঘোষিত
ভারতীয় অভিনেতা সাইফ আলি খানের পারিবারিক জমি শত্রু সম্পত্তি ঘোষণা করে রায় দিয়েছে মধ্য প্রদেশের উচ্চ আদালত। ও ভুপালের নবাব পরিবারের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
জি নিউজ বলছে, দুই মাস আগে এই নির্দেশ দেয় ভারতের শত্রু সম্পত্তি সংক্রান্ত বিভাগ। ভুপালে অবস্থিত এই জমির উত্তরাধিকার সূত্রে মালিক সাইফ এবং তার পরিবার। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই সম্পত্তি পতৌদি পরিবারের হাতে আসে।
২০১৪ সালের ১৯ ডিসেম্বর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার নোটিশ পাঠানো হয় পতৌদি পরিবারের কাছে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এই নির্দেশ চূড়ান্ত করে আদালত।
আইন অনুযায়ী, ভারত-পাকিস্তান যুদ্ধের পর যারা পাকিস্তানে চলে গেছেন, তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি পরিগণিত হবে। শত্রু সম্পত্তি বাজেয়াপ্ত করার পর তার দখল নেবে সরকার।
হাইকোর্ট থেকে বলা হয়েছে, এই সম্পত্তির মালিক ছিলেন সাইফের পূর্ব পুরুষ এবং ভুপালের নবাব হামিদুল্লাহ খান। ১৯৫০ সালে যুদ্ধের আগে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান হামিদুল্লাহ খানের বড় মেয়ে আবিদা খান। তখনও হামিদুল্লাহ বেঁচে ছিলেন। হামিদুল্লাহ মারা যাওয়ার পর নবাবের আসনে বসেন ছোট মেয়ে সাজিদা খান।
এই সাজিদা খান হলেন সাইফের দাদি। তার পুত্র ছিলেন নবাব মনসুর আলি খান পতৌদি।
সাইফের আইনজীবী রাজেশ পাঞ্চোলির ভাষ্যে, পাকিস্তান চলে যাওয়ার সময় বাবার সম্পত্তির উপর মালিকানার দাবী রেখে যাননি আবিদা খান। ফলে পতৌদি পরিবারের সম্পত্তি অবৈধ হতে পারে না।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে পতৌদি পরিবার।
