২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও নকল পোস্টার?

হলিউড থেকে বলিউডের 'অনুপ্রাণিত' হওয়ার ঘটনা নতুন নয়। গল্প, দৃশ্য কিংবা পোস্টারে প্রায়ই হলিউডি সিনেমাকে অনুকরণ করে হিন্দি সিনেমা। সম্প্রতি নতুন দুই সিনেমার পোস্টার নিয়ে উঠেছে নকলের অভিযোগ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 04:13 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমা ‘বম্বে ভেলভেট’ এবং ‘মিস্টার এক্স’-এর দিকেই ছোঁড়া হয়েছে নকলের অভিযোগের তীর। অনেকেই বলছেন হলিউড ক্লাসিক ‘গন উইথ দ্য উইন্ড’-এর পোস্টারের সঙ্গে সাদৃশ্য রয়েছে রানবির কাপুর এবং আনুশকা শর্মা অভিনীত ‘বম্বে ভেলভেট’-এর পোস্টারের। এদিকে এমরান হাশমি অভিনীত ‘মিস্টার এক্স’-এর পোস্টার হুবুহু মিলে যায় ‘ম্যাক্স পেইন টু’ নামের ভিডিও গেইমের পোস্টারের সঙ্গে।

১৯৩৯ সালের সেই বিখ্যাত পিরিয়ড ড্রামা, ক্লার্ক গেবল এবং ভিভিয়েন লির অনবদ্য রসায়নের জন্য অমর হয়ে আছে সিনেমাপ্রেমীদের কাছে। সেই ‘গন উইথ দ্য উইন্ড’-এর একটি পোস্টারের সঙ্গে মিলে যায় ‘বম্বে ভেলভেট’-এর পোস্টার। ওই পেস্টারে ক্লার্ক গেবলের চুম্বনের উদ্দেশ্যে ভিভিয়েন লিকে জড়িয়ে ধরার মুহূর্তটিকেই নিজেদের পোস্টারের জন্য অনুকরণ করেছেন রানবির কাপুর এবং আনুশকা শর্মা- এমনটাই মনে করছে ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে।

এছাড়াও ‘ম্যাক্স পেইন টু’ নামের ভিডিও গেইমের পোস্টারের সঙ্গে হুবুহু মিলে যায় ‘মিস্টার এক্স’-এর পোস্টার। সিনেমার দুই অভিনয় শিল্পী এমরান হাশমি এবং আমাইরা দাস্তুর ঠিক ‘ম্যাক্স পেইন টু’-এর মতো করেই একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এমনকি তাদের পোশাক এবং আমাইরার হাতে ধরা রিভলবারটিও ওই পোস্টারকে অনুকরণ করেই করা।