‘সরকারি অনুদানে অগ্রাধিকার পাবে নারী’
‘নারীর চোখে চলচ্চিত্র’-এই স্লোগান নিয়ে শুরু হল এ বছরের নারী চলচ্চিত্র উৎসব। উৎসব উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রে সরকারি অনুদানের ক্ষেত্রে এখন থেকে নারী নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৪ মার্চ বাংলাদেশি নির্মাতা সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠলো এই উৎসবের। সারা বিশ্বের ২৯টি দেশের নারী নির্মাতাদের তৈরি সিনেমা নিয়ে এই উৎসবের আয়োজন করেছে উইমেনস ফিল্ম সোসাইটি।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা দূর করার ক্ষেত্রে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে চলচ্চিত্রে নারীদের অংশগ্রহণ সমাজে তাদের অবস্থানকে পাল্টে দিতে পারে।
তিনি আরও বলেন, “চলচ্চিত্র হল এমন একটি মাধ্যম, যেখানে আপনি পুরুষের সঙ্গে নয় বরং মানুষের মনের সঙ্গে প্রতিযোগিতা করছেন। এখানে দক্ষতাই সব।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রনায়িকা এবং নির্মাতা সারাহ বেগম কবরী। চলচ্চিত্র শিল্পে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হলে সরকারিভাবে নারীদের জন্য আলাদা তহবিল থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
কবরী বলেন, “নির্মাতা হিসেবে নারীদের এমনিতেই অনেক সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক নারীই অর্থের অভাবে নিজের সিনেমা নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারেন না। ক্যামেরার পেছনে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে প্রয়োজন সরকারি সহায়তা।”
বাংলাদেশের সেন্সর বোর্ডের ব্যাপারে কবরী বলেন, সিনেমা মূল্যায়নের ক্ষেত্রে আরও উদার হওয়া প্রয়োজন।
দ্বিতীয় নারী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লায়লুন নাহার আকরাম, হাসানুল হক ইনু, সারাহ বেগম করবী, রেজওয়ানা খান। ছবি: সাদমান সাকিব/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
১৫ মার্চ থেকে তিন দিনব্যাপী এই উৎসবে দেখানো হবে ৭০টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সামিয়া জামানসহ মোট পাঁচজন নারী নির্মাতা।
উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে, প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৫টায়। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো নারীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
এছাড়া ১৫ এবং ১৬ মার্চ নারী নির্মাতাদের জন্য থাকছে কর্মশালা। এতে অংশ নেওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
