এবার নায়িকা মেঘলা
রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র ‘প্রথম দেখা’-য় প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা মেঘলা। আহমেদ আলী মণ্ডল পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন মামনুন হাসান ইমন।
র্যাম্প মডেলিং থেকে উঠে আসা মেঘলা গ্লিটজকে বলেন, “চলচ্চিত্র নিয়েই ভাবছি এখন। বেশ কটি সিনেমার অফার এসেছে। আমি এখন গল্প ও চরিত্র নিয়ে ভাবছি, আমি সে গল্প ও চরিত্রের জন্য তৈরি কি না। যেসব চরিত্র আমার জন্য সহজতর মনে হচ্ছে, আমি সেসব চরিত্র নিয়েই ভাবছি।”
মেঘলা আরও বলছেন, “এখনই চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। তবে আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। রোমান্টিক ধারার পাশাপাশি অ্যাকশন, সামাজিক সব ধরনের সিনেমার প্রতি আমার আগ্রহ রয়েছে।”
‘প্রথম দেখা’ ছাড়াও মেঘলা চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফার্স্ট লাভ’ সিনেমাতে। সাঈফুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত ইমরান হোসেন। লন্ডন প্রবাসী ইমরান এই সিনেমার মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন।
‘প্রথম দেখা’-র পরিচালক আহমেদ আলী মণ্ডল গ্লিটজকে জানিয়েছেন, পুরো সিনেমাটি তিনি সাউথ আফ্রিকার বিভিন্ন লোকেশনে শুটিং করবেন।
