২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়াতে এসে অভিনেত্রী স্নেহা

অভিনেত্রী হওয়ার ইচ্ছা বা প্রস্তুতি কোনোটিই ছিল না স্নেহার। হঠাৎ একদিন ‘ললিতা’ ধারাবাহিকের  সেটে ঘুরতে এসে নজরে পড়লেন নাট্যপরিচালক জুয়েল মাহমুদের। দুদিন পরই স্নেহা অভিনয় করতে শুরু করলেন এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 05:08 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

স্নেহা গ্লিটজকে বললেন, “শখের বশেই অভিনয় করতে শুরু করেছিলাম। কখন যে অভিনয় ব্যাপারটি এত ভালো লেগে গেল! অভিনয়ের শুরুতে খুব প্রস্তুত মনে হতো না নিজেকে। কিন্তু আমি অভিনয়ে থাকতে চেয়েছি। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছি।”

স্নেহা এখন অভিনয় করছেন লুৎফুর নাহার মৌসুমী পরিচালিত ‘জয়িতা’ ধারাবাহিকের নামভূমিকায়।

নাটকটি প্রসঙ্গে বললেন, “এই ধারাবাহিকের ‘জয়িতা’ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। জয়িতা মেয়েটি খুবই সাধারণ ও বাস্তববাদী একজন মানুষ। জয়িতা যে কোনো সমস্যা মোকাবেলা করার চেষ্টা করে এবং কখনও পিছু হটে যায় না।  এই চরিত্রের মাধ্যমে মূলত একজন বাঙ্গালি নারীকে তার যাপিত জীবনে পারিবারিক ও পারিপার্শ্বিক যেসব সমস্যার মোকাবেলা করতে হয় সেগুলোই ফুটে উঠেছে।”

নবাগত এই অভিনেত্রী বলছেন, এখন নাটকের ব্যাপারেই বেশি মনোযোগী তিনি। ‘ললিতা’ ধারাবাহিকের পর স্নেহা আরও অভিনয় করেছেন ‘সেকেন্ড ইনিংস’, ‘আগুনপোকা’, ‘কুটুম পাখি’, ‘ট্রায়াঙ্গেল লাভ’সহ ২৫টি খণ্ড নাটক ও ১২টি ধারাবাহিকে।

স্নেহার ক্যারিয়ারের ‘উল্লেখযোগ্য’ নাটকটি হল ‘মহেশ’। রাজ্জাক পরিচালিত ও অভিনীত এই নাটকে আমেনা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাজ্জাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে স্নেহা বলেন, “আমার স্বপ্নের নায়কের সঙ্গে কখনো অভিনয়ের সুযোগ পাব তা তো ভাবতেই পারিনি। অভিনয়ের অনেক কিছু শিখেছি স্যারের কাছ থেকে। এত কাছ থেকে তার মতো একজন গুণী মানুষকে দেখার সৌভাগ্য কজনার হয়।”

এ নাটকের অভিনয়কে ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ মনে করেন স্নেহা। তিনি জানান, এই নাটকে অভিনয়ের জন্য তাকে কাঁদায় নেমে শাক তুলতে হয়েছে, গোয়ালঘরে ঢুকতে হয়েছে, যা বাস্তবে কখনও করেননি স্নেহা।

স্নেহা বলছেন, গড়পড়তা নাটকে তিনি অভিনয় করতে চান না। যাচাই বাছাই করে সেরা নাটকেই কাজ করতে আগ্রহী তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, “নাটকের গল্প, পরিচালক, নিজের পছন্দের সহশিল্পীর বিষয়টি নির্বাচনের ভিত্তিতে নাটকে অভিনয় করে থাকি। তাই আমার অভিনীত নাটকের সংখ্যা খুবই কম।” 

স্নেহা অকপটেই বলে ফেললেন, “অভিনয়ের ক্ষেত্রে এখনও যথেষ্ঠ ঘাটতি রয়েছে আমার। প্রতিনিয়ত বাচিক অভিনয়, অভিব্যক্তির প্রকাশসহ অভিনয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিজেকে আপডেট করছি। আমি পাকা অভিনেত্রী হতে চাই।”

তবে চলচ্চিত্রের ব্যাপারে এখনই আগ্রহী নন স্নেহা।

“সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রে আমি এখনও প্রস্তত নই।  এছাড়া সিনেমা নিয়ে মোটেই ভাবছি না আমি।”