অভিনেতা ইনামুল হকের গাড়ি ভাংচুর
গাজীপুরে একটি নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের মৌচাক এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইনামুল হক।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে গ্লিটজকে জানিয়েছেন এই অভিনেতা।
ইনামুল হক বলেন, “রাশেদ রাহার একটি নাটকের শুটিং শেষ করে ফিরছিলাম । আমার গাড়িটি মৌচাকে আসতেই একদল দুর্বৃত্ত এলোপাতারি ইট মারতে শুরু করে। এতেই ক্ষান্ত হয়নি তারা। তারা গাছের গুড়ি দিয়েই গাড়ি ভাংচুর করেছে। “
ইনামুল হক জানিয়েছেন, গাড়ির কাঁচ ভেঙ্গে তার ডান হাতের কনুই কেটে গেছে। তবে আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
৫ জানুয়ারি সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণার পর রোববার ঢাকা, ময়মনসিংহ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ও বোমাবাজির ঘটনা ঘটে।
৭২ বছর বয়সী অভিনেতা ইনামুল হক অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘একাত্তরের ক্ষুধিরাম’ সিনেমাটি এই জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইনামুল হক আরও অভিনয় করেছেন সদ্যমুক্তিপ্রাপ্ত ‘বৃহন্নলা’ সিনেমাতে। অভিনয় করছেন ‘প্রিয়তমেষু’, ‘রূপকথার গল্প’, ‘আধিয়ার’ সিনেমাগুলোতে।
নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে একুশে পদক পেয়েছেন ইনামুল হক। ব্যক্তি জীবনে তিনি নাট্যাভিনেত্রী লাকি ইনামের স্বামী ও অভিনেত্রী, পরিচালক হৃদি হকের বাবা ।
