২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জয়ার মন্তব্য অতিরঞ্জিত'

‘হ্যাপি নিউ ইয়ার’ একটি ফালতু সিনেমা— জয়া বচ্চনের এই একটি মন্তব্যই এখন হিন্দি সিনেপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে। তবে জয়ার মন্তব্যটি নাকি খণ্ডিত আকারে প্রকাশ করা হচ্ছে। এমনটাই দাবি করছেন ভারতীয় কলাম লেখক অনিল ধারকার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

সম্প্রতি তার ‘টুইস্ট, টার্ন অ্যান্ড হাফ ট্রুথস মেকেথ কন্ট্রোভার্সিস’ শীর্ষক কলামে অনিল দাবি করেন, “সিনেমাটির ব্যাপারে জয়া বচ্চনের এই মন্তব্যকে অনেকটা অতিরঞ্জিত করা হয়েছে। তার পুরো বক্তব্যটি তুলে না ধরে শুধুমাত্র এই উক্তির উপর জোর দেওয়া হয়েছে, যা শুনে মনে হয় তিনি সিনেমাটিকে তুচ্ছ করে এর সমালোচনা করছেন।”

বর্ষীয়ান এই কলামিস্ট আরও লেখেন, “জয়া সেদিন অনুষ্ঠানে পরিস্কারভাবে বলেছিলেন, বর্তমানে বলিউডে দুই ধরনের সিনেমা তৈরি হচ্ছে—শৈল্পিক উদ্দেশ্যে নির্মিত সিনেমা এবং পুরোপুরি বিনোদনভিত্তিক সিনেমা। তিনি বলেছেন, দুই ধরনের সিনেমাই তিনি উপভোগ করেন। পরে তিনি উদাহারণ হিসেবে 'অমর, আকবর, অ্যান্থনি' সিনেমাটির কথা বলেন যেটি তিনি ভীষণ উপভোগ করেছিলেন, যেমন উপভোগ করেছেন 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমাটি।"

অনিল ধারকারের এই কলামটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেন জয়া বচ্চনের স্বামী অমিতাভ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি বচ্চন পরিবারের কাছ থেকে।

সম্প্রতি জয়ার এই মন্তব্য প্রকাশের পর শোনা যায় ‘হ্যাপি নিউ ইয়ার’এর- কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাহরুখ খান ভীষণ চটেছেন, অখুশি হয়েছেন এতে অভিনয় করা জয়ার ছেলে অভিষেক বচ্চনও।

শাহরুখ খানের সঙ্গে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতা বহুদিনের, একসঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করেছেন তারা। জয়া বচ্চনের উপর শাহরুখের মনক্ষুণ্ণ হবার খবর কতখানি সত্য, তা এখনও নিশ্চিত নয়।

ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’এ শাহরুখ এবং অভিষেকের সঙ্গে অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সোনু সুদ এবং ভিভান শাহ। ২৪শে অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

পুরনো খবর:

জয়ার ওপর চটেছেন শাহরুখ?
‘হ্যাপি নিউ ইয়ার ফালতু সিনেমা’