‘ভালো কিছু’ দেবে ‘ইউটার্ন’
নবাগত পরিচালক আলভী আহমেদ মনে করেন ঢাকাই সিনেমায় ভালো কিছু হচ্ছে না। নিজের গল্প ও চিত্রনাট্য নিয়ে তিনি পরিচালনা করছেন তার প্রথম সিনেমা ‘ইউটার্ন’। সামাজিক অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে দর্শক নতুনত্বের স্বাদ পাবে বলে মনে করেন তিনি।
আলভী গ্লিটজকে বলেন, “আমার প্রথম সিনেমাটি হবে পূর্ণাঙ্গ একটি সিনেমা। এখন যেসব সিনেমা হচ্ছে সেগুলো মোটেও ভালো কিছু হচ্ছে না। আমি শতভাগ সততার সঙ্গে সিনেমাটি নির্মাণ করব। দর্শক সিনেমাটি দেখে যেন বলতে পারে ‘সিনেমাটি মৌলিক, এমন সিনেমাই চাই’।”
নবাগত এই পরিচালকের সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার নতুন মুখ শিপন মিত্র। শিপনের চরিত্রের নাম ‘সেলিম’। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন মডেল সোনিয়া। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন তিনি। তার চরিত্রের নাম ‘বর্ষা’। সিনেমায় আরও দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মৌটুসী বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস পিয়াকে।
সিনেমায় সাতটি গান থাকছে। গানগুলোর সংগীতায়োজন করবেন ফুয়াদ, রুমী, রোকন ইমন, অদিত। সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকায়। এছাড়াও চট্টগ্রাম, বান্দরবান, গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।
২০০৩ সালে রিয়েলিটি শো ‘ইউ গট দ্য লুক’-এর মাধ্যমে মডেলিংয়ে আসা সোনিয়া পড়াশোনার খাতিরে দীর্ঘ দিন মিডিয়ার বাইরে থাকলেও এ সিনেমার মাধ্যমে ফিরছেন।
চলচ্চিত্র পরিচালনার আগে আলভী ৯০টি এক ঘণ্টার ও ১০টি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত সর্বশেষ ধারাবাহিক ‘টিট ফর ট্যাট’।
