২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজনায় ববি

ববিতা, শাবানা, মৌসুমীদের পথ ধরে এবার প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী ববি হক। ইফতেখার চৌধুরী পরিচালিত একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। তবে এখনও সিনেমার নাম এবং কলাকুশলী নির্ধারিত হয়নি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:33 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

প্রযোজনার পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ববি নিজেই।

ববি গ্লিটজকে বলেন, “চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে অনেকদিন ধরেই ভাবছি। সবকিছু গুছিয়ে উঠতে পারিনি এখনও। গল্পের খসড়া চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্য, কলাকুশলীসহ অন্য বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাকে।”

কবে নাগাদ সিনেমাটির চূড়ান্ত ঘোষণা আসবে সে কথাও গ্লিটজকে নিশ্চিত করতে পারেননি ববি।

ঈদুল ফিতরে ববি অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং ‘আই ডোন্ট কেয়ার’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

ববি এখন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ এর শুটিং নিয়ে ব্যস্ত। অ্যাকশনধর্মী সিনেমাটিতে প্রতিশোধপরায়ণ জেসমিন চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও তিনি অভিনয় করছেন ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’, শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’,  রাজু চৌধুরীর ‘ফলো মি’,  সেলিম রেজার ‘না বলা ভালোবাসা’,  অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ সিনেমাতে।

ববি জানান, এ সিনেমাগুলোর কাজ শেষ না করে তিনি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন না।

“অনেকগুলো সিনেমার শুটিং বাকি। এগুলো শেষ না করে নতুন কোনো সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হতে চাই না। নতুন সিনেমার ব্যাপারে এখনই কিছু ভাবছি না। অভিনেতা, প্রযোজক শাকিব খানের একটি সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। এখনও জানি না সিনেমাটিতে আমি থাকছি কি না!”